Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Lionel Messi

বিশ্বকাপের ছন্দ এবার ক্লাব ফুটবলেও, জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি

বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে ফের ক্লাব ফুটবলে ছন্দে ফিরলেন লিওনেল মেসি। প্রথম ম্যাচে গোলের দেখা না পেলেও দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠলেন আর্জেন্টিনা অধিনায়ক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ১৩:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ১৩:৫৭

options
link
বিশ্বকাপের ছন্দ এবার ক্লাব ফুটবলেও, জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি zoom
গোল করে সতীর্থদের অভিনন্দন কুড়িয়ে নিচ্ছেন লিও মেসি। ছবি ইন্টার মায়ামি এক্স হ্যান্ডল।
Advertisement

বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে ফের ক্লাব ফুটবলে ছন্দে ফিরলেন লিওনেল মেসি। প্রথম ম্যাচে গোলের দেখা না পেলেও দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠলেন আর্জেন্টিনা অধিনায়ক। জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন। তাঁর দুরন্ত পারফরম্যান্সে এমএলএসে সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। 

ম্যাচের শুরুতেই অবশ্য ধাক্কা খেতে হয় মায়ামিকে। চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় সান লুইস। তবে সেই ধাক্কা সামলে প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় মায়ামি। ১১ মিনিটে সমতা ফেরান মেসি। বাঁ প্রান্ত থেকে ভেসে আসা বল বাঁ পায়ের জোরালো শটে জালে জড়ান। ২৬ মিনিটে টেলাস্কো সেগোভিয়ার গোলে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক ১ মিনিট আগে ডিফেন্ডারদের কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এলএমটেন। প্রথমার্ধের একেবারে শেষ দিকে তাঁর বাড়ানো বল থেকেই দলের চতুর্থ গোলটি করেন মাইকেল।

দ্বিতীয়ার্ধে আর গোল না হলেও মায়ামির জয় নিয়ে কোনও সংশয় তৈরি হয়নি। টানা আট ম্যাচ অপরাজিত থেকে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারা। শীর্ষে থাকা নাশভিলের ঝুলিতে সমান ম্যাচে ৪০ পয়েন্ট। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন মেসি। আট গোল করার পাশাপাশি চারটি গোলে সহায়তা করেছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই আর্জেন্টিনা ফাইনালে উঠেছিল। তবে ফাইনালে স্পেনের কাছে হারতে হয়। সেই ম্যাচে প্রত্যাশামতো খেলতে পারেননি মেসি। শেষ বাঁশি বাজার পর চোখের জলে মাঠ ছেড়েছিলেন।

বিশ্বকাপের হতাশার মধ্যেও মানবিকতার নজির গড়েছেন মেসি। যে স্পেনের কাছে ফাইনালে হেরেছেন, সেই দেশের সিয়েরা ওয়েস্তে প্রদেশে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। বিধ্বস্ত হয়ে যাওয়া স্প্যানিশ এলাকার জন্য ৮০ হাজার ইউরো দান করেছেন আর্জেন্টাইন তারকা। দাবানলে প্রায় ৭৫ হাজার একর জমি পুড়ে গিয়েছে, বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। মাদ্রিদের আঞ্চলিক প্রধান ইসাবেল দিয়াজ আয়ুসো মেসির এই আর্থিক সহায়তার কথা জানিয়েছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.