সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাতায়-কলমে লিগ শিল্ড যেন জয় সময়ের অপেক্ষা। শনিবারই কি টানা দ্বিতীয়বার খেতাবে হাত দেবে মোহনবাগান? নাকি অপেক্ষায় থাকতে হবে রবিবার পর্যন্ত? এদিন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে এফসি গোয়া। সেই ম্যাচেই ঠিক হয়ে যেতে পারে আইএসএল শিল্ডের ভবিষ্যৎ। আর নাহলে মোহনবাগানের খেতাব জয় বড়জোর একদিন দীর্ঘায়িত হতে পারে।
চোখ রাখা যাক অঙ্কের খাতায়। সেই হিসেব অত্যন্ত পরিষ্কার। দ্বিতীয়স্থানে থাকা গোয়ার ২০ ম্যাচে পয়েন্ট ৩৯। আর সেখানে এক ম্যাচ বেশি খেলে মোহনবাগান এগিয়ে আছে ১০ পয়েন্ট। অর্থাৎ ২১ ম্যাচে মোলিনার দলের পয়েন্ট ৪৯। হাতে এখনও তিনটি ম্যাচ। বিরাট কোনও অঘটনের সম্ভাবনাও কার্যত অসম্ভব। বিশেষ করে মোহনবাগান যে ছন্দে রয়েছে। শেষ চারটি ম্যাচের চারটিই জিতেছে। আর সেটাও কোনও গোল না হজম করে। আলবার্তো থেকে জেমি, গোল করে দলকে জেতাতে সবাই ওস্তাদ।
রবিবার ওড়িশার বিরুদ্ধে নামছে মোহনবাগান। সেই ম্যাচে তিন পয়েন্ট পেলেই ধরাছোঁয়ার বাইরে চলে যাবে তারা। সেক্ষেত্রে ২২ ম্যাচে পয়েন্ট দাঁড়াবে ৫২। গোয়া যদি তাদের চারটি ম্যাচও জেতে, তাহলে মানোলো মার্কেজের দলের সর্বোচ্চ পয়েন্ট হবে ৫১। অবশ্য রবিবার পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নাও করতে হতে পারে সবুজ-মেরুন ভক্তদের।
শনি সন্ধ্যাতেই লিগ শিল্ড নিশ্চিত হয়ে যেতে পারে মোহনবাগানের। কেরালার কাছে গোয়া যদি হেরে যায়, তাহলে ওই ম্যাজিক ফিগার ছোঁয়াও অসম্ভব। ফলে শনিবারই লিগ শিল্ড জয়ী হয়ে যাবে মোহনবাগান। আর যদি গোয়া ড্র করে, তাহলে পয়েন্ট দাঁড়াবে ২১ ম্যাচে ৪০। পরের তিনটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৪৯। সেক্ষেত্রে পরের ৪টি ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট তুললেই চ্যাম্পিয়ন মোহনবাগান। মোলিনা যতই সাবধানতা অবলম্বন করুন না কেন, টানা দ্বিতীয়বার লিগ শিল্ড হাতের মুঠোতেই দেখছেন ভক্তরা। শুধু দেখার শনিবার না রবিবার, কবে সেটা হাতে আসে।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার