শিলাজিৎ সরকার: আইএসএলের আগে নিজেদের দল আরও গুছিয়ে নিল ইস্টবেঙ্গল। বুধবার লাল-হলুদ শিবিরের তরফে জানানো হয়, জাপানি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকিকে স্কোয়াডে নেওয়া হচ্ছে চলতি মরশুমের জন্য। উল্লেখ্য, ২০১১ সালে লা লিগার ক্লাব সেভিয়া এফসিতে যোগ দেন। স্প্যানিশ ক্লাবের হয়ে পরে মাঠেও নামেন তিনি। তবে তাঁর শেষ ক্লাব ছিল অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেড।
সবমিলিয়ে ১১০টির বেশি গোল করেছেন ইস্টবেঙ্গলের নয়া সদস্য। বুধবার তাঁকে স্বাগত জানিয়ে লাল-হলুদের হেড অফ ফুটবল থাংবোই সিংটো বলেন, “বিশ্বের প্রথম সারির লিগে গোল করার রেকর্ড আছে ইবুসুকির। আমাদের দল গড়তে ইবুসুকির গোলের খিদে খুবই সাহায্য করবে।” জাপানি তারকার ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে ইস্টবেঙ্গলের হেডকোচ অস্কার ব্রুজোর মুখেও। প্রথম দিনেই জয় ইস্টবেঙ্গল ধ্বনি দিয়ে ইবুসুকির ঘোষণা, দেশজ পূর্বসুরিদের মতো তিনিও লাল-হলুদে সাফল্য অর্জন করতে চান।
২০০৯ থেকে ইউরোপের ক্লাবে খেলেছেন ইবুসুকি। ২০১১তে সেভিয়ায় সই করেন। তবে তিন বছর পরেই ফিরে আসেন জাপানে। নিজের দেশের একাধিক ক্লাবে দাপিয়ে খেলেন। ২০২২ সালে পাড়ি দেন অস্ট্রেলিয়ার ক্লাব ফুটবল খেলতে। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার অবশ্য সিনিয়র জাতীয় দলে খেলেননি কখনও। এবার নতুন দলে এসে কতখানি দাগ কাটতে পারবেন ৩৪ বছর বয়সি স্ট্রাইকার, নজর রাখবেন লাল-হলুদ ভক্তরা।
উল্লেখ্য, ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠেও ইস্টবেঙ্গলের স্বপ্নভঙ্গ হয়েছে। আইএসএলে এবার সাফল্য পেতে মরিয়া লাল-হলুদ শিবির। তাই নতুন একঝাঁক তারকাকে ইতিমধ্যেই সই করিয়েছে ইস্টবেঙ্গল। তাঁদের মধ্যে অনেকে লাল-হলুদ ভক্তকুলের নজর কেড়েছেন ডুরান্ডে। আইএসএল শুরুর আগে ইবুসুকিকে সই করিয়ে গোলখরা কাটাতে চাইছে লাল-হলুদ শিবির।
সর্বশেষ খবর
-
ছাব্বিশে ফিরল ʼ১৪-র স্মৃতি, ৭ গোল দিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির
-
সই জাল কাণ্ডে কুণাল-অভিষেককে মুখোমুখি জেরা, বয়ানে অসংগতি সাংসদের! ফের তলবের ভাবনা সিআইডির
-
লেবানন নিয়ে ইজরায়েল-ইরানের মধ্যে মধ্যস্থতা, ‘আমরা শান্তির দোরগোড়ায়’, বার্তা ট্রাম্পের
-
ক্রিকেট মাঠে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ভারতের, পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু স্মৃতি-দীপ্তিদের
-
হাতের সঙ্গে জুড়ছে মমতার তৃণমূল? জল্পনার মাঝেই ২১ জুলাই ‘শহিদ তর্পণে’ রাহুলকে আনার প্রস্তুতি প্রদেশ কংগ্রেসের