শিলাজিৎ সরকার: মহিলাদের ফুটবলে ভারতসেরা ইস্টবেঙ্গল। আর সেটাও এক ম্যাচ বাকি থাকতেই। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে ওড়িশা এফসি’কে হারিয়ে IWL চ্যাম্পিয়ন হল লাল-হলুদের মহিলা বাহিনী। ম্যাচের একমাত্র গোল সৌম্য গুগুলোথের। IWL চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। সেই সঙ্গে ছাড়পত্র পেল এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের।
গোটা টুর্নামেন্ট জুড়েই অসাধারণ ফর্মে ছিলেন অঞ্জু তামাংরা। ১৩টি ম্যাচের মধ্যে জিতেছে ১১টি। ড্র একটি। হার একটি মাত্র ম্যাচে। সব মিলিয়ে পয়েন্ট ৩৪। টুর্নামেন্ট জুড়ে একমাত্র গোকুলামই সেভাবে টক্কর দিতে পেরেছে। লাল-হলুদ বাহিনীর শেষ ম্যাচ তাদের বিরুদ্ধেই। যাদের এই মুহূর্তে ১২ ম্যাচে পয়েন্ট ২৬। ফলে ইস্টবেঙ্গল ম্যাচ-সহ গোকুলাম দুটি ম্যাচ জিতলেও সুইটি দেবীদের ধরতে পারবে না।
এদিন কল্যাণী স্টেডিয়ামে প্রথমার্ধের ফলাফল ছিল গোলশূন্য। ৬৭ মিনিটে মাঝমাঠ থেকে বাড়ানো বলে গোল করেন সৌম্য গুগুলোথ। সেটাই পার্থক্য গড়ে দিল। তারপর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো সেলিব্রেশন করেন ৭ নম্বর জার্সিধারী সৌম্য। আর এই ম্যাচ হেরে অবনমন হল গতবারের চ্যাম্পিয়ন ওড়িশা এফসি’র।
মহিলাদের ফুটবলে ভারতসেরা হয়ে অনন্য নজির গড়ল ইস্টবেঙ্গল। ২০০৩-০৪ মরশুমে জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছিল লাল-হলুদ বাহিনী। তারপর অবশ্য আই লিগে সাফল্য আসেনি। এদিন মহিলারা চ্যাম্পিয়ন হতেই পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই দেশের প্রথম সারির টুর্নামেন্টে সেরা হল ইস্টবেঙ্গল। এর আগে অবশ্য গোকুলামও মহিলাদের লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু তারা যখন আই লিগ চ্যাম্পিয়ন হয়, ততদিনে আইএসএল প্রথম ডিভিশন হয়ে গিয়েছে।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর