Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
East Bengal

ইরানি হামলার মধ্যেই জর্ডনে অনুশীলন ইস্টবেঙ্গলের, ‘জয়মন্ত্র’ দিলেন প্রাক্তনী হিজাজি

মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকা যুদ্ধের আঁচ পড়েছে জর্ডনেও। দিনদুয়েক আগেই জর্ডনে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি মুয়াফফর সলটি এয়ার বেস লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৮:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৮:৪৪

options
link
ইরানি হামলার মধ্যেই জর্ডনে অনুশীলন ইস্টবেঙ্গলের, ‘জয়মন্ত্র’ দিলেন প্রাক্তনী হিজাজি zoom
ছবি: ফেসবুক
Advertisement

বুধবার সন্ধ্যায় এসিএল ২-তে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে বিদেশের মাটিতে নামছে লাল-হলুদ। প্রতিপক্ষ জর্ডনের দল আল হুসেইন। চোট-অসুস্থতা এবং ভিসার জটিলতার মতো নানা সমস্যায় জর্জরিত গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা। তবে আম্মানে এশীয় মঞ্চে অভিযান শুরুর আগে তাদের অক্সিজেন দিয়ে গেলেন দলের প্রাক্তন ডিফেন্ডার হিজাজি মাহের।

মরশুমের শুরুটা এমনিতে খারাপ হয়নি ইস্টবেঙ্গলের। সদ্যই ডুরান্ড কাপ জিতেছে দল, তাও আবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দী মোহনবাগানকে হারিয়ে। তবে এশীয় মঞ্চে প্রত্যাবর্তনের আগে কিছুটা নড়বড়ে অবস্থায় কোচ আন্তোনিও লোপেজ হাবাসের দল। চোটের জন্য দলের সঙ্গে যেতে পারেননি শৌভিক চক্রবর্তী এবং বরিস সিং। মহম্মদ রশিদ আম্মান গিয়েছেন বটে। তবে শেষ কয়েকদিন অনুশীলনে নামতে পারেননি পিঠের সমস্যায়। শোনা যাচ্ছে, ইনজেকশন নিয়ে খেলতে পারেন তিনি। অসুস্থতার জন্য বিমানবন্দর থেকে ফিরতে হয়েছে ক্রিস ইকনোমিডিসকে। তাঁর খেলার সম্ভাবনা নেই। সবমিলিয়ে চার বিশ্বকাপার নিয়ে নামতে চলা আল হুসেইনের বিরুদ্ধে খাতায়-কলমে পিছিয়েই থাকছে লাল-হলুদ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে এই পরিস্থিতিতে হিজাজির পরামর্শ কিছুটা সাহায্য করছে ইস্টবেঙ্গলকে। জর্ডনের এই ডিফেন্ডার এক মরশুম আগে লাল-হলুদ ছেড়েছেন। তবে নিজের শহরে সোমবার প্রাক্তন সতীর্থদের সঙ্গে দেখা করেছেন তিনি। টিম হোটেলে তাঁর হাতে বিশেষ জার্সি তুলে দেন সহকারী কোচ বিনো জর্জ। সেখানে ছিলেন রশিদ, আনোয়ার আলি, প্রভসুখন গিলরা। সূত্রের খবর, আল হুসেইন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রাক্তন দলকে দিয়েছেন হিজাজি। বিশেষত জর্ডনের ক্লাবটিতে থাকা স্থানীয় ফুটবলারদের শক্তি-দুর্বলতা নিয়ে। বুধবার স্থানীয় সময় রাতের দিকে ম্যাচ। তাই সোমবার দলকে আম্মানের জাওয়া গ্রাউন্ডে ম্যাচ টাইমে প্র্যাকটিস করালেন কোচ হাবাস। সবমিলিয়ে ঘণ্টা দেড়েক চলে অনুশীলন। মাঠটি হোটেল থেকে ঘণ্টাখানেক দূরত্বে হলেও প্র্যাকটিসের পরিকাঠামোয় খুশি লাল-হলুদ। মঙ্গলবার আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামের মূল মাঠে অনুশীলন করবে দল। এই ম্যাচে অভিষেক হতে চলেছে লাল-হলুদের ক্রোট ডিফেন্ডার দিয়েগো জিভুলিচের।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকা যুদ্ধের আঁচ পড়েছে জর্ডনেও। দিনদুয়েক আগেই জর্ডনে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি মুয়াফফর সলটি এয়ার বেস লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এই হামলায় মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের খবরও মিলেছে। তবে জর্ডনের আমজনতার উপর হামলার খবর নেই। ম্যাচে নিরাপত্তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সমস্যার কথা জানা নেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.