সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ‘পরিকল্পিত’ নির্যাতনের তীব্র বিরোধিতা করল ইস্টবেঙ্গল। লাল-হলুদের অধিকাংশ সমর্থকের ‘শিকড়’ ওপার বাংলায়। সে কথা মনে করিয়ে ক্লাবের তরফে বিবৃতি দিয়ে বলা হল, অবিলম্বে এই নিন্দনীয় নির্যাতন বন্ধ হওয়া উচিত।
বিজ্ঞপ্তিতে ইস্টবেঙ্গলের তরফে বলা হয়েছে, “বাংলাদেশে সংখ্যালঘুদের পরিকল্পিতভাবে আক্রমণ করা আমাদের ক্লাবের সমর্থকদের গভীরভাবে প্রভাবিত করেছে। আমাদের সমর্থকদের অধিকাংশেরই পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে। আমাদের অনেক সমর্থকের পরিবার, আত্মীয়স্বজন দেশভাগের আগে এবং পরবর্তী সময়ে এবং ‘৬০-এর দশকের শেষের দিকে এবং ‘৭০-এর দশকের প্রথম দিকে এই ধরনের আক্রমণের শিকার হয়েছেন। আমরা তাদের থেকে প্রচুর ফোন এবং ই-মেইল পাচ্ছি, যেখানে তারা আমাদেরকে এই বিষয়টি যথাযথ জায়গায় উত্থাপন করার অনুরোধ জানিয়েছেন। এমনকী আমাদের সমর্থকরা যারা পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসেছেন তারাও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।”

লাল-হলুদ সচিব রূপক সাহার তরফে জারি বিবৃতিতে বলা হয়েছে, ইস্টবেঙ্গল ক্লাব দীর্ঘ ইতিহাসে জাতির নামে হিংসা, অত্যাচারের প্রতিবাদে সর্বদা সরব। ওই বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এই ধরনের ব্যাপক নিপীড়ন বন্ধ হওয়া দরকার। আমরা সকল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতে চাই যে তারা যেন দয়া করে এই সমস্যাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সীমান্তের ওপারে আমাদের মা, বোন ও ভাইদের বাঁচাতে এবং শান্তি স্থাপন করতে দিশা দেখান।”
উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে চরম আকার নিয়েছে সংখ্যালঘু নির্যাতন। অভিযোগ, বেছে বেছে রাষ্ট্রের মদতে আক্রমণ করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর। বেশ কয়েকদিন হয়ে গেল বাংলাদেশে হিন্দু ঐক্যজোটের নেতা চিন্ময় কৃষ্ণকে জেলে বন্দি করে রেখেছে সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার। চিন্ময় প্রভুর গ্রেপ্তারির প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। তাঁর মুক্তির দাবিতে রাস্তায় নেমেছেন সে দেশের সনাতনীরা। ওপার বাংলায় হিন্দুদের উপর এই নির্যাতনে স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল উদ্বিগ্ন। হাজার হাজার লাল-হলুদ সমর্থকদের পূর্বপুরুষ ওপারের বাসিন্দা। এমনকী এখনও বহু ইস্টবেঙ্গল সমর্থকের আত্মীয় রয়েছেন বাংলাদেশে। তাদের কথা ভেবেই প্রতিবাদে সরব শতাব্দীপ্রাচীন ক্লাব।
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের