ডেভিড বেকহ্যাম (David Beckham)। নামটা শুনলে অনেকেই নস্টালজিয়ায় ডুব দেন। সোনালি চুলের ছিমছাম ব্রিটিশ ফুটবলারের পায়ে বল পড়লেই শিল্প তৈরি হত। তাঁর নেওয়া ফ্রিকিক দেখার জন্য রাত জাগতেন ফুটবলপ্রেমীরা। সেই বেকহ্যাম এবার হলিউডেও সম্মানিত হলেন। শুক্রবার লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ডে ‘হলিউড ওয়াক অফ ফেম’-এ নিজের স্টার উন্মোচনের মধ্য দিয়ে জীবনের অন্যতম বড় স্বীকৃতি অর্জন করলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। হলিউডের ‘নক্ষত্র’ হাতে পেয়ে স্ত্রীকে ঠোঁটঠাসা চুমুও দিলেন বেকহ্যাম। তবে আনন্দেও স্পষ্ট পরিবারের ফাটল! কাছাকাছি থাকলেও অনুষ্ঠানে এলেন না তাঁর বড় ছেলে।

আরও পড়ুন:
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম, সন্তান রোমিও, ক্রুজ ও হার্পার বেকহ্যাম। পাশাপাশি বেকহ্যামের এই বিশেষ মুহূর্তের সাক্ষী হন তাঁর ঘনিষ্ঠ বন্ধু টম ক্রুজ, অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া এবং জেমস কর্ডেন। তারকা উন্মোচনের পর ভিক্টোরিয়ার সঙ্গে বেকহ্যামের আলিঙ্গন ও চুম্বনের মুহূর্ত ভাইরাল হয়ে যায়। হলিউড বুলেভার্ডে জড়ো হয়েছিলেন বহু অনুরাগী। তাঁদের করতালির মধ্যেই অনুষ্ঠান জমে ওঠে। হলিউড ওয়াক অফ ফেমের ইতিহাসে ২,৮৪৯তম হিসাবে এই স্বীকৃতি পেলেন বেকহ্যাম। ক্রীড়া-বিনোদন বিভাগে তাঁকে সম্মান জানানো হয়। এমন সময় এই সম্মান এল, যখন আমেরিকায় ফিফা বিশ্বকাপ শুরু হয়েছে।
অনুষ্ঠানে আসেননি বেকহ্যামের জ্যেষ্ঠপুত্র ব্রুকলিন বেকহ্যাম। স্ত্রী নিকোলা পেল্টজকে নিয়ে কাছাকাছি এলাকাতেই থাকেন তিনি। তবে এই অনুষ্ঠানে যোগ দেননি। এর ফলেই পরিষ্কার, বেকহ্যামের পরিবারে ফাটল সেরে ওঠেনি। ডেভিড বেকহ্যাম এবং ভিক্টোরিয়া বেকহ্যামকে চলতি বছরের শুরুতে আইনি নোটিস পাঠিয়েছিলেন ব্রুকলিন। জানিয়েছিলেন, কোনওরকম ব্যক্তিগত সম্পর্ক নয়, সরাসরি আইনজীবীর মাধ্যমেই কথা বলবেন তিনি। যাই হোক, অনুষ্ঠানে বেকহ্যামকে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন হলিউড তারকা টম ক্রুজ। ২০০৭ সালে এলএ গ্যালাক্সিতে যোগ দিয়ে আমেরিকা আসার পর থেকেই দু’জনের বন্ধুত্বের সূচনা। সেই বন্ধুত্বের কথাই স্মরণ করে টম ক্রুজ বলেন, “বেকহ্যামই আসল স্টার।”
View this post on Instagram
এমন সম্মান পাওয়ার পর আবেগঘন প্রতিক্রিয়ায় বেকহ্যাম বলেন, “আমি শুধু ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং ইংল্যান্ডের একজন সফল ফুটবলার হতে চেয়েছিলাম। সেটাই ছিল আমার একমাত্র স্বপ্ন।” তিনি আরও বলেন, “আজ একটি তারকা পাওয়া, ‘স্যর’ উপাধি অর্জন করা, গোটা কেরিয়ারে যেসব সম্মান পেয়েছি, তার জন্য আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি।” এই সম্মান বিনোদন জগতেও তাঁর অবদানের স্বীকৃতি হিসাবে দেখা হচ্ছে। বেকহ্যামের প্রযোজনা সংস্থা ‘স্টুডিও ৯৯’-এর নির্মিত জনপ্রিয় নেটফ্লিক্স তথ্যচিত্র ‘বেকহ্যাম’-ও এই সাফল্যের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। হলিউড চেম্বার অফ কমার্সের প্রযোজক আনা মার্টিনেজ বলেন, “ক্রীড়া, বিনোদন এবং জনপ্রিয় সংস্কৃতিতে ডেভিড বেকহ্যামের প্রভাব অসাধারণ। সেই কারণেই এই স্বীকৃতি তাৎপর্যপূর্ণ।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ছাব্বিশে ফিরল ʼ১৪-র স্মৃতি, ৭ গোল দিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির
-
সই জাল কাণ্ডে কুণাল-অভিষেককে মুখোমুখি জেরা, বয়ানে অসংগতি সাংসদের! ফের তলবের ভাবনা সিআইডির
-
লেবানন নিয়ে ইজরায়েল-ইরানের মধ্যে মধ্যস্থতা, ‘আমরা শান্তির দোরগোড়ায়’, বার্তা ট্রাম্পের
-
ক্রিকেট মাঠে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ভারতের, পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু স্মৃতি-দীপ্তিদের
-
হাতের সঙ্গে জুড়ছে মমতার তৃণমূল? জল্পনার মাঝেই ২১ জুলাই ‘শহিদ তর্পণে’ রাহুলকে আনার প্রস্তুতি প্রদেশ কংগ্রেসের