Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Cristiano Ronaldo

গোলের সুনামিতে ফাইনালে আল নাসের, ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে রোনাল্ডো বললেন, ‘গর্বিত’ 

তিন বছর আল নাসেরের জার্সি গায়ে ঘরোয়া লিগ জিততে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পারেননি সৌদির ক্লাবকে আন্তর্জাতিক ট্রফি এনে দিতে। এবার সেই সুযোগ ষোলো আনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৬:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৬:১৭

options
link
গোলের সুনামিতে ফাইনালে আল নাসের, ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে রোনাল্ডো বললেন, ‘গর্বিত’  zoom
উচ্ছ্বসিত ক্রিশ্চিয়ানো। ছবি রোনাল্ডোর এক্স হ্যান্ডেল।
Advertisement

তিন বছর আল নাসেরের (Al-Nassr) জার্সি গায়ে ঘরোয়া লিগ জিততে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। পারেননি সৌদির ক্লাবকে আন্তর্জাতিক ট্রফি এনে দিতে। এবার সেই সুযোগ ষোলো আনা। গোলের সুনামিতে দাপুটে জয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ফাইনালে উঠল সিআর সেভেনের ক্লাব। কাতারের আল আহলি স্পোর্টস ক্লাবকে ৫-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেল আল নাসের।

৪১ বছর বয়সি পর্তুগিজ তারকা রোনাল্ডো ৭৮ মিনিট মাঠে ছিলেন। গোলের দেখা পাননি। তবে দলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচের আসল নায়ক হয়ে ওঠেন কিংসলে কোমান। ফরাসি স্ট্রাইকারের দুরন্ত হ্যাটট্রিকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় আল নাসের। পাঁচতারা পারফরম্যান্সের ফলে এখন আত্মবিশ্বাসে টগমগ আল নাসের। তাদের সামনে শিরোপা জয়ের হাতছানি। ম্যাচের পর রোনাল্ডো সোশাল মিডিয়ায় লেখেন, ‘দলের জন্য গর্বিত। ফাইনাল অপেক্ষা করছে!’

Advertisement

তবে সহজে আসেনি জয়। ম্যাচের শুরুতেই নাটকীয় মুহূর্ত। আল আহলির হয়ে পেনাল্টি মিস করেন জুলিয়ান ড্রাক্সলার। তাঁর শট ঠেকিয়ে দেন গোলরক্ষক বেন্তো ক্রেপস্কি। এরপরও প্রথমে এগিয়ে যায় কাতারের দলটি। ম্যাচের বয়স তখন মাত্র ১০ মিনিট। নিচু শটে বল জালে জড়িয়ে দেন সেকু ইয়ানসানে। এরপরই ঘুরে দাঁড়ায় আল নাসের। অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের তৈরি করা সুযোগ থেকে ১২ মিনিটে সমতা ফেরান কোমান। ২৩ মিনিটে সাদিও মানের সঙ্গে দুরন্ত বোঝাপড়ায় আল নাসেরকে এগিয়ে দেন অ্যাঞ্জেলো। বিরতির আগেই বিপক্ষের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে আবারও গোল করে স্কোর লাইন ৩-১ করেন কোমান।

৬৩ মিনিটে অ্যাঞ্জেলোর নিখুঁত থ্রু পাস থেকে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ২০২৫ সালে ব্রায়ার্ন মিউনিখ থেকে আল নাসেরে যোগ দেওয়া কোমান। শেষদিকে বদলি হিসাবে নেমে পঞ্চম গোল আবদুল্লাহ আল-হামদানের। দ্বিতীয়ার্ধ জুড়ে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আল নাসেরের অনুকূলে। রোনাল্ডো ও মানে একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হন। নাহলে আরও বড় ব্যবধানে জিততে পারত নাসের। অন্যদিকে, শুরুতে সুযোগ নষ্ট করায় শেষ পর্যন্ত বড় হারের মুখ দেখতে হয় আল আহলিকে।

ফাইনালে জাপানি ক্লাব গাম্বা ওসাকার মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। ১৬ মে রিয়াধে রয়েছে হাইভোল্টেজ ফাইনাল। সৌদির ক্লাবে রোনাল্ডো যোগ দেওয়ার পর থেকেই আল নাসেরের লক্ষ্য ছিল আন্তর্জাতিক মঞ্চে শিরোপা জেতা। সেই লক্ষ্য থেকে মাত্র একধাপ দূরে সিআর সেভেন। তাছাড়াও চলতি মরশুমে সৌদি প্রো লিগেও শীর্ষে রয়েছে তারা। ফলে একাধিক শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে রোনাল্ডোর সামনে। সৌদি লিগ, এএফসি চ্যাম্পিয়নস লিগ টু ছাড়াও তালিকায় রয়েছে সৌদি সুপার কাপ, এশিয়ান সুপার কাপ, জাতীয় দলের হয়ে বিশ্বকাপও।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.