Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Bibi Bakshi Web Series Review

কতটা জমল ‘বিবি বক্সী’ ইশার ছকভাঙা গোয়েন্দা সিরিজ? পড়ুন রিভিউ

ফ্রাইডে ওটিটিতে মুক্তি পাওয়া জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত জমাটি থ্রিলার ওয়েব সিরিজ ‘বিবি বক্সী’। কেমন হল? লিখছেন স্বাতী চট্টোপাধ্যায় ভৌমিক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ২১:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ২১:২১

options
link
কতটা জমল ‘বিবি বক্সী’ ইশার ছকভাঙা গোয়েন্দা সিরিজ? পড়ুন রিভিউ zoom
কতটা জমল 'বিবি বক্সী' ইশার ছকভাঙা গোয়েন্দা সিরিজ?
Advertisement

জটিল কঠিন থ্রিলার সিরিজ তো কতই হয়। গা গরম করা সেই সব কাহিনির ভিড়ে ফ্রাইডে ওটিটিতে মুক্তি পাওয়া জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত মিষ্টি মজার রোমান্টিক আবার কিছুটা থ্রিলার গোত্রের ওয়েব সিরিজ ‘বিবি বক্সী’ ব্যতিক্রমী এবং মন ভালো করা এক অভিজ্ঞতা দেবে।

পল্লিগ্রামের সহজাত ভাষার ছোঁয়া কোথাও যেন এই সিরিজকে আলাদা করে রাখে। মেঠো পথ, পুরোনো রাজবাড়ি, আটপৌরে ঘর দালান সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ রচনা করেছে বীরভূমের প্রেক্ষাপট। সেই সঙ্গে রয়েছে ঝরঝরে প্লট।

‘বিবি বক্সী’ সিরিজে ইশা সাহা, দেবরাজ ভট্টাচার্য।

বিবি (ইশা সাহা) গ্রামের মেয়ে। তবে সে খুব সাধারণ মেয়ে নয়। পড়াশোনা করে রীতিমতো পরীক্ষা দিয়ে পুলিশের চাকরি পেয়েছে সে। কুসুমপুর গ্রামের গোলাপপুর থানায় সাধারণ কনস্টেবলের চাকরি করলেও তার উচ্চাশা বড় অফিসার হওয়ার। যে কোনও বিপদে সে সাহসের সঙ্গে লড়ে যেতে পারে আগুপিছু না ভেবেই। যদিও রাঘব দারোগা (কাঞ্চন মল্লিক) বিবির এত সাহস খুব একটা ভালো চোখে দেখে না। কিন্তু বিবি কারও পরোয়া করে না। একাই সাইকেল নিয়ে চলে যায় ডাকাত ধরতে। সেই সূত্রে দেখা হয়ে যায় পাশের গ্রামের গোপালের (দেবরাজ ভট্টাচার্য) সঙ্গে। তখন কি আর বিবি জানত গোপালের আসল পরিচয়! বিবির গোয়েন্দাগিরি আর দুঃসাহসিকতার গল্প নিয়েই কেটে গেল সিরিজের প্রথম সিজন। গ্রাম্য টানে বলা কথা এই সিরিজের অন্যতম বড় বিশেষত্ব নিঃসন্দেহে। সকলের মুখে যে সেই ভাষা সমানভাবে খুলেছে তেমন নয়, তবু পল্লিগ্রামের সহজাত ভাষার ছোঁয়া কোথাও যেন এই সিরিজকে আলাদা করে রাখে। মেঠো পথ, পুরোনো রাজবাড়ি, আটপৌরে ঘর দালান সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ রচনা করেছে বীরভূমের প্রেক্ষাপট। সেই সঙ্গে রয়েছে ঝরঝরে প্লট।

Advertisement
‘বিবি বক্সী’ সিরিজে ইশা সাহা, দেবরাজ ভট্টাচার্য।

কমেডি আর রোমান্টিকতা হাতে হাত রেখে চলেছে গল্পে। সিরিজের অন্যতম জোরের জায়গাও এটি। এর সঙ্গে যোগ হয়েছে রহস্য। পরবর্তী সিজনে হয়তো সেই রহস্য আর একটু ঘনীভূত হবে। অন্তত পরিচালকের যখন সে বিষয়ে হাতযশ রয়েইছে তখন সেই নিয়ে একটু প্রত্যাশা রাখা যায় বইকি! প্রথম সিজনে রহস্যের অবকাশ বেশ কম। অন্তত ব্যাগভর্তি টাকা হাতছাড়া হওয়ার বদলে গয়না, ঘড়ি বা কয়েকটা পার্স ছিনতাই ঠিক যেন জমে না। তবে এও যেন সেই চেনা ছন্দেরই এক অংশ। কোথাও উচ্চকিত আবেগের বিস্ফোরণ ছাড়াই আগাগোড়া ছিমছাম পরিবেশনা ‘বিবি বক্সী’কে উপভোগ্য করে তোলে। সিরিজের বেশিরভাগ চরিত্রই খুব চেনা। ফলে তাদের সঙ্গে একাত্ম হতে সুবিধা হয়। বিবির চরিত্রে ইশা দুর্দান্তভাবে মানিয়ে গিয়েছেন। তাঁর শরীরী ভাষা এবং আলগোছে বলা সংলাপ বিবিকে বিশ্বাসযোগ্য করেছে। সাবধানি নায়কের চরিত্রে দেবরাজ অনবদ্য। আলাদা করে ভালো লাগবে বিদীপ্তা চক্রবর্তী অভিনীত চরিত্রটি। অভিনয়ে তিনি বরাবরের মতোই চমৎকার। এছাড়াও কমলেশ্বর মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, ভবানী বসু মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক প্রত্যেকে যে যার চরিত্রে মানানসই। সহ অভিনেতারাও যথাযথ। পারমিতা মুন্সির কাহিনি ও সংলাপ দুইই দর্শককে আনন্দ দেবে। গতিশীল এবং হালকা ছন্দের চিত্রনাট্য ফিল গুড আবহ এনে দেয়। শুভদীপ গুহর সুরে দেবরাজের কথায় ও কণ্ঠে ‘অনেকরকম আলো’ গানটি রেশ রেখে যায়। আলোর প্রক্ষেপণ ও সম্পাদনা যথাযথ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.