সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল শুরুর আগে চর্চায় ছিল তাঁর ব্যক্তিগত জীবন। মেগা টুর্নামেন্ট শুরুর দিকেও একেবারে ছন্নছাড়া বোলিং করছিলেন। কিন্তু বুধবার যাবতীয় সমালোচনার মোক্ষম জবাব দিলেন সেই যুজবেন্দ্র চাহাল। চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে হ্যাটট্রিক করে ফেললেন তারকা লেগস্পিনার। মাঠে আয়েশ করে বসে থাকার সেই বিখ্যাত সেলিব্রেশনও ফিরে এল চাহালের হ্যাটট্রিকের সঙ্গেই।
চলতি আইপিএলে বেশ ভালো ছন্দে রয়েছে পাঞ্জাব। অন্যদিকে মাত্র দুটো ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সকলের নিচে ধুঁকছে চেন্নাই। বুধবারের ম্যাচে পাঞ্জাবের কাছে চেন্নাই আত্মসমর্পণ করবে, এমনটাই ধরে নিয়েছিল ক্রিকেটমহল। কিন্তু সেই ম্যাচে একেবারে অন্যরূপে ধরা দিল চেন্নাই ব্যাটিং লাইন আপ। মিডল ওভারে ঝড় তুললেন স্যাম কুরান। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, মনে হয়েছিল অনায়াসে দু’শো পেরিয়ে যাবে চেন্নাই।
কিন্তু চাহাল অন্যরকম ভেবেছিলেন। ১৯ তম ওভারে তিনি যখন বল করতে এলেন, তখন ক্রিজে স্বয়ং মহেন্দ্র সিং ধোনি বিরাজমান। ওভারের প্রথম বলটাই এক হাতে তুলে দিলেন, বল সোজা গিয়ে পড়ল মাঠের বাইরে। তবে ছক্কা খেয়েও চাহালের মুখে হাসি। মাথা ঠাণ্ডা রেখে দ্বিতীয় বল করলেন। এবারে আর ধোনির শট মাঠ পেরতে পারল না, সোজা জমা পড়ল লং অফে নেহাল ওয়াধেরার হাতে।
দ্বিতীয় বলে ধোনিকে আউট করার পরেই সংহারমূর্তি ধারণ করেন চাহাল। ওভারের চতুর্থ বলে দীপক হুডা, পঞ্চম বলে অংশুল কম্বোজ এবং ষষ্ঠ বলে নুর আহমেদের উইকেট তোলেন। হ্যাটট্রিক করেই পরিচিত সেলিব্রেশনে মেতে ওঠেন। সিএসকে’র ২০০ পার করার স্বপ্নেও জল ঢেলে দেন তারকা লেগস্পিনার।
এই নিয়ে আইপিএলে দ্বিতীয় হ্যাটট্রিকের মালিক হলেন চাহাল। ২০২২ সালে রাজস্থান রয়্যালসের হয়ে কেকেআরের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি। উল্লেখ্য, আইপিএলে জোড়া হ্যাটট্রিক করার নজির রয়েছে অমিত মিশ্র এবং যুবরাজ সিংয়ের। এবার সেই তালিকায় যোগ হল চাহালের নামও। অন্যদিকে, আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনও বোলার হ্যাটট্রিক করতে পারেননি। বুধবার সেই নজিরও গড়ে ফেললেন চাহাল। আইপিএল শুরুর কয়েকদিন আগেই ধনশ্রী ভার্মার সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু ব্যক্তিগত জীবনের সেই ধাক্কা সামলে স্বমহিমায় ফিরলেন চাহাল।
সর্বশেষ খবর
-
ইংল্যান্ডকে বিশ্বজয়ী করেছিল ‘ভূতের গোল’! ব্রিটিশদের একমাত্র বিশ্বকাপ জয় ঘিরে আজও বিতর্ক
-
বাড়ির বাগানে সাপের উপদ্রব? এই ছোট্ট ভুলগুলি শুধরে নিলেই সমস্যার সমাধান!
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?