সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিস্ফোরক যুবরাজের বাবা যোগরাজ সিং। এবার তাঁর আক্রমণের মুখে ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনেই কিছুদিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আর তাঁদের এই আচমকা অবসর নিয়েই ক্ষুব্ধ যুবির বাবা। দুজনের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন শুভমান গিল। যিনি কি না যুবরাজের ছাত্রও।
যোগরাজের বক্তব্য, “বিরাট আর রোহিতের টেস্ট থেকে অবসর নেওয়া ঠিক হয়নি। আমি রোহিতকে বলেছিলাম ভোর পাঁচটায় ওঠো, নিজেকে ফিট রাখতে ২০ কিলোমিটার দৌড়োও। বিরাট আর রোহিত আরও পাঁচবছর টেস্ট ক্রিকেট খেলতে পারত। ওদের খেলা উচিত ছিল।” রোহিত-বিরাটের টেস্ট অবসর নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। পরে ফের নতুন বিতর্ক শুরু হয় শুভমান গিলকে টেস্ট অধিনায়ক করায়।
সেই নিয়ে যোগরাজ বলেন, “ওদের দুজনের উচিত ছিল নতুন প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়া। ঠিক যেভাবে সৌরভ গঙ্গোপাধ্যায় করেছিলেন। কিন্তু ওরা ব্যাটনটা হাতে তুলে দেয়নি। বরং গিলের দিকে ছুড়ে দিয়েছে।” ইংল্যান্ড সিরিজে অগ্নিপরীক্ষা গিলের। যেখানে সহ-অধিনায়ক ঋষভ পন্থ। গম্ভীরের কোচিংয়ে গিল কতটা সফল হবেন, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন আছে দেশের ক্রিকেটভক্তদের মধ্যেই।
এমনকী যুবরাজ সিংয়ের অবসর নিয়েও মুখ খুলেছেন যোগরাজ। ২০১৯ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। সেই বিষয়ে যোগরাজ বলেন, “যুবরাজ যখন অবসর নেয়, তখন আমি ওকে কথা দিয়েছিলাম, ভারতের অধিনায়ক বানিয়ে ছাড়ব। অন্য সবাইকে তাড়িয়ে দেব। কিন্তু ও অবসর নিয়ে নেয়।”
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর