সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। তার আগে ম্যাচটি নিষিদ্ধ করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে এক আবেদন দাখিল করেন চারজন আইনের শিক্ষার্থী। কারণ হিসাবে বলা হয়েছিল এপ্রিলে পহেলগাঁও কাণ্ডের কথা। যদিও বৃহস্পতিবার একটি শুনানিতে সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিজয় বিষ্ণোইয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চে বলা হয়, “এতে এত তাড়াহুড়ো কেন? এটি নিছকই একটি ম্যাচ। খেলা খেলার মতোই চলুক। এই রবিবার খেলা? আমরা কি করতে পারি? খেলা হতে দিন।” এভাবেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে হস্তক্ষেপ করতে যে তারা নারাজ, সেটাই বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট। তাছাড়াও আন্তর্জাতিক ম্যাচ নিয়ে কোনও আবেগতাড়িত হয়ে বা তাড়াহুড়ো করা যায় না, সে কথাও জানিয়েছে আদালত। উল্লেখ্য, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে চারজন আইনের শিক্ষার্থী আবেদন করেছিলেন। উর্বশী জৈন নামে এক ছাত্রী এই আবেদনের নেতৃত্ব দিয়েছিলেন।
আবেদনকারীদের বক্তব্য ছিল, পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পটভূমিতে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়া উচিত নয়। ২৬ জনের মৃত্যু হয়েছে এই সন্ত্রাসী হামলায়। সেই কারণে ম্যাচটির আয়োজন জাতির মর্যাদা এবং জনসাধারণের অনুভূতির বিরুদ্ধে। তবে বৃহস্পতিবার সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার জেরে লেজেন্ডস লিগে ইরফান পাঠান, হরভজন সিংরা পাকিস্তানের কিংবদন্তিদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি হননি। তবে সেসব উপেক্ষা করেই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দল নামাতে চলেছে বিসিসিআই। যা নিয়ে এখন থেকেই উত্তেজনা চরমে। তবে তার আগে ক্রিকেটপ্রেমীরা দ্বিধাবিভক্ত। একটা অংশের মত, হিংসা আর খেলাধুলো একসঙ্গে চলতে পারে না। আবার কেউ কেউ ক্রিকেটীয় সম্পর্ক চালিয়ে যাওয়ার পক্ষে। এই আবহে সুপ্রিম কোর্টও ম্যাচ হওয়ার পক্ষে রায় দিয়েছে। তাই রবিবাসরীয় দ্বৈরথে পাকিস্তানকে দুরমুশ করে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিততে মরিয়া টিম ইন্ডিয়া।
সর্বশেষ খবর
-
‘আর্থিক সাহায্য নয়, বাবার নামে ভালো স্কুল করুক সরকার,’ চাইছেন পিতৃহারা হাফিজ
-
চিরবিদায় জামশেদপুর এফসি, চোখের জলে মোহনবাগান ভক্তদের জন্য বিশেষ উদ্যোগ ফুটবলারদের
-
লাগাতার বৃষ্টিতে জোড়াবাগানে ভাঙল ২০০ বছরের বাড়ির একাংশ, চাপা পড়ে মৃত ষাটোর্ধ্ব মহিলার
-
বিদেশ থেকে বিয়ের ঘোষণা প্রেরণা দাসের! ছবি পোস্টে কী ইঙ্গিত কনটেন্ট ক্রিয়েটারের?
-
দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ