সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের ক্রিকেটাররা কি জানেন, তাঁদের কোন ভূমিকায় খেলানো হচ্ছে? কারণ, যাঁর উইকেট তোলার কথা, তিনি ছক্কা হাঁকাচ্ছেন। আর যাঁর রান করার কথা, তিনি উইকেট তুলছেন। ক্রিকেটভক্তরা বিভ্রান্ত! একই ভাবে জামাই শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে রীতিমতো অসন্তুষ্ট শ্বশুর শাহিদ আফ্রিদি।
এশিয়া কাপের মহারণে ভারতীয় স্পিনারদের সামনে একের পর এক উইকেট খোয়ায় পাকিস্তান। হার্দিক পাণ্ডিয়ার বলে রানের খাতা না খুলেই আউট হন সাইম আয়ুব। একসময় মনে হচ্ছিল একশোর আগেই গুটিয়ে যাবে পাকিস্তান। সেটা হল না নেহাত শাহিন আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের দৌলতে। তিনি চারটি ছক্কা হাঁকান। কিন্তু উইকেট পাননি। ফর্মে ফেরার চেষ্টা করা শাহিন আফ্রিদিকে আবার আগের জায়গায় ফিরিয়ে দেন অভিষেক শর্মা। অন্যদিকে ব্যাটার সাইম আয়ুব তিনটি উইকেট তোলেন।
সব মিলিয়ে যেন ভূমিকা অদলবদল হয়ে গিয়েছে পাক দলে। যা নিয়ে শাহিদ আফ্রিদি বলছেন, “শাহিন রান করল বলে ১০০-র গণ্ডি পেরিয়েছে। কিন্তু শাহিনকে কি রান করতে হবে? আমি ওর থেকে রান চাই না। আমি চাই শাহিন ভালো বল করুক। একই ভাবে সাইম বল করার বদলে রান করুক। শাহিনকে বুঝতে হবে, ওর কাজ বল সুইং করানো। কীভাবে উইকেট তুলতে হবে, সেটা ঠিক করুক। নিজের বোলিং পরিকল্পনা নিয়ে সাবধান হোক।”
কীভাবে? আফ্রিদির বক্তব্য, “শাহিনকে শুরুতে উইকেট তুলতে হলে মনস্তাত্ত্বিক যুদ্ধে জিততে হবে। আমি চাই ও পাকিস্তানকে বল করে জেতাক।” শ্বশুর আফ্রিদির পরামর্শ কি অনুসরণ করবেন জামাই আফ্রিদি? এখানেই শেষ নয়। নিজের দেশের ক্রিকেট পরিকাঠামোকে ‘তৃতীয় শ্রেণির’ বলে তোপ দাগছেন আফ্রিদি।
সর্বশেষ খবর
-
চুলের যত্নে মধুর জুড়ি মেলা ভার! কীভাবে লাগালে বেশি সুফল পাবেন?
-
সুইডেনের স্কুলে ‘নিষিদ্ধ’ হচ্ছে স্মার্টফোন, আমাদেরও বোধোদয় হবে?
-
পরনে গেঞ্জি-বারমুডা, জাহাঙ্গিরকে ফলতা ঘোরাল পুলিশ, লজ্জার লেশমাত্র নেই! মাথা উঁচু করেই হাঁটলেন ‘পুষ্পা’
-
সহজেই ঝগড়ায় জড়িয়ে পড়েন? অদৃশ্য লাল পেনেই থামবে কথা কাটাকাটি, জানাচ্ছেন মনোবিদ
-
‘তিলে তিলে মরবি’, প্রয়াত কনটেন্ট ক্রিয়েটার সায়নীর ‘প্রেমিক’কে তোপ সন্তানহারা মায়ের