সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় হয়ে কোন ক্রিকেটারের মতো হতে চাও? আজকের সময়ে যে কোনও শিশু-কিশোর বলবে, বিরাট-ধোনি-রোহিতের মতো। কিন্তু এই হয়তো একযুগ আগেও একটাই নাম উঠে আসত সবার মুখে। তিনি শচীন রমেশ তেণ্ডুলকর। বিরাট কোহলিও সেই স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন ক্রিকেট খেলা। ছোট থেকেই স্বপ্ন ছিল, পরবর্তী শচীন হতে হবে। সেই কথা ফাঁস করলেন কোহলির স্কুল শিক্ষিকা।
কোহলির অভিষেক ২০০৮ সালে। শচীন আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন ২০১৩-তে। একসঙ্গে বিশ্বকাপও জিতেছেন। ব্যাটন বদলের একটা ছবি তৈরি হয়ে গিয়েছিল একযুগ আগেই। তারপর শচীনের অনেক রেকর্ডই ভেঙেছেন কোহলি। অনেক রেকর্ড হয়তো আরও ভাঙবেন। আর কিছু নজির কোনও দিনই ভাঙতে পারবেন না। কিন্তু ছোটবেলা থেকে শচীন হওয়ার যে স্বপ্ন ছিল, সেই আশা তিনি পূরণ করেছেন ‘বিরাট কোহলি’ হয়েই।
কোহলির স্কুলশিক্ষিকা বিভা সচদেব বলছেন, “ছোটবেলা থেকেই ওর চোখ কথা বলত। স্কুলের সব অনুষ্ঠানে অংশগ্রহণ করত। একটা কথা ও বারবার বলত, ‘ম্যাম, আমি ভারতীয় দলের পরবর্তী শচীন তেণ্ডুলকর হব’। সেটা শুনে আমরা মাঝেমধ্যে হেসে ফেলতাম। কিন্তু ওর চোখেমুখে সবসময় একটা আত্মবিশ্বাস থাকত।” অবশ্য কোহলি নিজে শচীনের সঙ্গে তাঁর তুলনা পছন্দ করেন না। তাঁর যুক্তি, শচীনকে দেখে খেলা শুরু করেছেন। টেকনিকের দিকেও শচীনের উপর কেউ নেই।
কিন্তু ‘কোহলি’ হয়ে ওঠার জন্য পরিশ্রম ছিল ছোটবেলা থেকেই। বিভা সচদেব বলছেন, “বিরাট পরীক্ষায় সব সময় ভালো ফল করত। মাঝে অনুশীলনের জন্য কিছু নম্বর কম পেয়েছিল। তখন ও বলত, ‘অনুশীলন থেকে ফিরে আরও ভালো করে পড়াশোনা করব’। খেলা আর পড়াশোনা, দুটোতেই ও সমান দক্ষ ছিল। বিশাল ভারতী পাবলিক স্কুলের সব শিক্ষকরা ওর পাশে ছিল।”
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির