সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর অবশেষে ম্যাচ খেলতে নামল পাকিস্তান। বুধবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়েছিলেন সলমন আলি আঘারা। কিন্তু সারা বিকেল ধরে পরতে পরতে নাটকের পর অবশেষে মাঠে এসে পৌঁছয় পাক দল। একঘণ্টা দেরিতে টস হয়। টসে হেরে প্রথমে ব্যাট করতে হবে পাকিস্তানকে।
হ্যান্ডশেক বিতর্কের জেরে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিলেন শাহিন আফ্রিদিরা। ভারতীয় বোর্ডের নির্দেশে কাজ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট, এমন বিস্ফোরক অভিযোগ আনে পিসিবি। পাইক্রফটকে এশিয়া কাপ থেকে বহিষ্কার না করলে পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকিও দেয়। কিন্তু আইসিসি সাফ জানিয়ে দেয়, পাইক্রফটকে কোনওমতেই সরানো হবে না। বুধবার সকালেও পাইক্রফটকে সরানোর আবেদন করে পিসিবি। কিন্তু সেই আবেদন আইসিসি পত্রপাঠ খারিজ করে দেয়।
সূত্রের খবর, তারপরেই বয়কটের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলে পাকিস্তান। পিসিবির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, কোনও ক্রিকেটার মাঠে যাবেন না। যাঁরা বাসে উঠেছেন, তাঁদের দ্রুত নেমে গিয়ে হোটেলে ফিরতে বলা হয় বোর্ডের তরফে। কিন্তু খানিকক্ষণের মধ্যেই পরিস্থিতি পালটাতে শুরু করে। পিসিবির মুখপাত্র জানান, পাকিস্তানের তরফে অনুরোধ জানানো হয়েছে ম্যাচ যেন একঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। যাঁকে ঘিরে এত নাটক, সেই পাইক্রফটকে ডেকে পাঠানো হয় আইসিসি হেডকোয়ার্টারে। কিন্তু ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধে কে মান্যতা দিল, সেই নিয়ে প্রশ্ন থেকেই যায়।
শেষ পর্যন্ত পাক বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ভারত-পাক ম্যাচে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন পাইক্রফট। ভুল বোঝাবুঝির কারণেই দুই দলের অধিনায়ককে হ্যান্ডশেক করতে বারণ করেছিলেন বলে জানান ম্যাচ রেফারি। ওই ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গের যে অভিযোগ উঠেছে তাতে তদন্ত করবে বলেও জানিয়েছে আইসিসি। এই বিবৃতি জারি হওয়ার পরে টস করতে নামেন পাক অধিনায়ক। তবে এই মহানাটক নিয়ে টসের সময়ে মুখ খোলেননি কেউই।
সর্বশেষ খবর
-
পালাবদলের পর রাতারাতি বিজেপি? বেনোজল রুখতে অগ্নিপরীক্ষা নেবে আরএসএস
-
মারাদোনার নজির ছাপিয়ে যেতে চোট সারিয়ে তৈরি মেসি, আর্জেন্টিনার শুরুতে আলভারেজ না লাউতারো?
-
ডিজে মন্তব্য মামলায় সিআইডি-র একডাকে সাড়া, ফের ভবানীভবনে অভিষেক
-
স্বরূপ বিশ্বাসের ‘ডুপ্লিকেট’ হিন্দি ইন্ডাস্ট্রিতেও! ‘শয্যাসঙ্গিনী না হলেই…’, সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক অভিনেত্রী
-
মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ প্রত্যাহারের আর্জি! এবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চে শতদ্রু