Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Gautam Gambhir

টিম ইন্ডিয়ায় টালমাটাল পরিস্থিতি, গম্ভীরের কোচিং স্টাফ ছাড়ছেন দুই সহযোগী!

ফুটবল বিশ্বকাপ নিয়ে যখন গোটা ক্রীড়াবিশ্ব মগ্ন, তখন একের পর এক লজ্জার নজির গড়ে চলেছে ভারতীয় ক্রিকেট দল। যার জেরে ক্ষুব্ধ বিসিসিআইও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১১:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১১:২০

options
link
টিম ইন্ডিয়ায় টালমাটাল পরিস্থিতি, গম্ভীরের কোচিং স্টাফ ছাড়ছেন দুই সহযোগী! zoom
কোচ গম্ভীরকে নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
Advertisement

পরপর দুই সিরিজে হোয়াইটওয়াশ। সার্বিকভাবে টিমের নাজেহাল দশা। শেষ ৭ ম্যাচের ৬টিতেই ম্যাচে হার! বরুণ দেবতা সহায় না থাকলে যেটা কিনা সাতে সাত হতে পারত! লাগাতার ব্যর্থতার জেরে টালমাটাল ভারতীয় ক্রিকেট। যার প্রভাব এবার সম্ভবত পড়া শুরু করল ভারতীয় দলের সাজঘরেও। শোনা যাচ্ছে, হেডকোচ গৌতম গম্ভীরের কোচিং স্টাফ ছাড়ছেন তাঁরই বেছে নেওয়া দুই সহকারী। এদের মধ্যে একজনের সঙ্গে এক আইপিএল ফ্র্যাঞ্চাইজির কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে। আরেক জনও কথা চালাচ্ছেন।

‘টাইমস অফ ইন্ডিয়া’র খবর অনুযায়ী, ভারতীয় দলের কোচিং স্টাফের এক সদস্য খুব শিগগির জাতীয় দল ছেড়ে এক আইপিএল দলে যোগ দেবেন। কথাবার্তা প্রায় পাকা। গৌতম গম্ভীরের আরও এক সহকারীর ভবিষ্যৎ অনিশ্চিত। তিনিও অন্য চাকরির খোঁজ করছেন। এই মুহূর্তে গৌতম গম্ভীরের কোচিং স্টাফে রয়েছেন রায়ান টেন দুশখাতে, মর্নি মর্কেল, সীতাংশু কোটাক এবং টি দিলীপ। এদের মধ্যে কে কোচিং স্টাফ ছাড়বেন সেটা অবশ্য স্পষ্ট করেনি ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম। তবে এটা স্পষ্ট করে দিয়েছে, যে শীঘ্রই গম্ভীরের কোচিং টিমে ভাঙন ধরতে চলেছে।

Advertisement

আসলে ফুটবল বিশ্বকাপ নিয়ে যখন গোটা ক্রীড়াবিশ্ব মগ্ন, তখন একের পর এক লজ্জার নজির গড়ে চলেছে ভারতীয় ক্রিকেট দল। যার জেরে ক্ষুব্ধ বিসিসিআইও। শোনা যাচ্ছে, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিযের হারের ময়নাতদন্ত করবে বোর্ড। তাতে ক্রিকেটারদের পারফরম্যান্স যেমন খতিয়ে দেখা হবে, তেমনই খতিয়ে দেখা হবে কোচিং স্টাফের পারফরম্যান্সও। এমনকী হেড কোচ গৌতম গম্ভীরও নিরাপদ নন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র বলছে, এই সিরিজের পর একাধিক তারকাকে ছাঁটাই করার কথা ভাবা হচ্ছে। এদের অনেকেই কোচ গম্ভীরের প্রিয়পাত্র।

এমনিতে বোর্ডের সঙ্গে গম্ভীরের চুক্তি রয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। সেই চুক্তি শেষের আগে তাঁর চাকরি যাওয়ার সম্ভাবনা কম। তবে তিনি যে আগের মতো ‘নিরাপদ’ নন, সেটা তাঁকে বুঝিয়ে দেওয়া হতে পারে। তবে সহকারী স্টাফদের ছাঁটাই করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.