বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে বেঙ্গালুরু এফসি। তার আগের দিনই এক চমকপ্রদ ঘটনা নজর কাড়ল ক্রীড়ামহলে। আচমকাই মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে হাজির হন ভারতীয় ফুটবলের তারকা সুনীল ছেত্রী (Sunil Chhetri)।
এই বিষয়ে আরও খবর
মুম্বই শিবিরে গিয়ে দলের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা বিনিময় করেন। খানিকটা সময় কাটান দলের সঙ্গে। এই বিশেষ সাক্ষাৎকে স্মরণীয় করে রাখতে ছেত্রীর হাতে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিও তুলে দেওয়া হয়। তবে শুধু সৌজন্য সাক্ষাৎই নয়, মাঠেও নিজের দক্ষতার ঝলক দেখাতে ভোলেননি ছেত্রী। অনুশীলনের ফাঁকে একটি দুর্দান্ত ক্যাচ নিয়ে সকলকে চমকে দেন তিনি। ফুটবলার হলেও ক্রিকেটে তাঁর এই সাবলীলতা সকলকেই মুগ্ধ করেছে।
বৃহস্পতিবার আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের আগে সুনীল ছেত্রীকে নিয়ে মুম্বই শিবিরে তৈরি হয় আলাদা উন্মাদনা। অধিনায়ক হার্দিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। ক্রিকেটারদের সঙ্গে গল্পে মেতে ওঠার পাশাপাশি বেশ কিছুটা সময় কাটান দলের কোচ মাহেলা জয়বর্ধনের সঙ্গেও। দু’জনকে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায়। এরই মধ্যে ঘটে এক মজার মুহূর্ত। জয়বর্ধনের সঙ্গে কথা বলার ফাঁকেই আচমকা সুনীলের দিকে উড়ে আসে একটি বল। একটুও সময় নষ্ট না করে কিছুটা দৌড়ে গিয়ে নিখুঁতভাবে বলটি তালুবন্দি করেন তিনি। ফুটবলার হয়েও তাঁর এই চমৎকার ক্যাচ দেখে বিস্মিত হয়ে যান অনুশীলনে থাকা ক্রিকেটাররা। মুহূর্তেই হাততালিতে ফেটে পড়ে গোটা মাঠ।
12th Man duties calling for @chetrisunil11 😆 pic.twitter.com/ZchnMU4LnF
— Mumbai Indians (@mipaltan) April 15, 2026
সুনীল ছেত্রীর এই ঝটিকি সফরের ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। অনেকেই মনে করছেন, ক্রিকেট ও ফুটবল, দুই খেলার দর্শকদের মধ্যে সংযোগ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সরাসরি কোনও সম্পর্ক না থাকলেও শহরটি সুনীলের কাছে অচেনা নয়। আইএসএলের শুরুর দিকে কয়েক বছর তিনি মুম্বই সিটি এফসি-র হয়ে খেলেছেন। ফলে মুম্বইয়ের সঙ্গে তাঁর পুরনো যোগসূত্র রয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্স আপাতত আইপিএলের পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে। তাদের ঝুলিতে রয়েছে মাত্র দু’পয়েন্ট। টানা তিনটি ম্যাচে পরাজয়ের ধাক্কা সামলে এবার ছন্দে থাকা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে তারা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ওমানের কাছে বাণিজ্যতরীতে হামলায় এখনও নিখোঁজ তিন ভারতীয়, জানাল কেন্দ্র
-
আলিপুরে সরকারি অফিসে ভয়ংকর অগ্নিকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্র! দায়ের এফআইআর
-
এক যাত্রায় পৃথক ফল! তথ্যগোপনে কংগ্রেসের রাজ্যসভার প্রার্থীপদ খারিজ, বহাল রইলেন এনডিএ প্রার্থী
-
দিঘা জগন্নাথ মন্দির থেকে সরল ‘ধাম’, ‘আগেই বলেছিলাম, শোনা হয়নি’, শুভেন্দুর পাশে রাজেশ দৈতাপতি
-
নাইট ক্লাবে মারামারির জের, ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন ‘অধিনায়ক’ স্টোকস, দায়িত্বে কে?



