সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিল সল্টের ‘চওড়া’ ব্যাটে ভর করে রাজস্থান রয়্যালসকে হারিয়েছে আরসিবি। আম্পায়ারও কি তাই সন্দেহ প্রকাশ করেছিলেন? রবিবার জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়াম সাক্ষী থাকল এমনই এক অভিনব ঘটনার। ম্যাচের মাঝে ব্যাট পরীক্ষা করে দেখেন আম্পায়ার। তাও আবার দু’বার। প্রথমে শিমরন হেটমায়ার আর পরে পরীক্ষা করা হয় ফিল সল্টের ব্যাটও। কিন্তু কেন এমন করলেন আম্পায়ার?
প্রথম ঘটনাটি রাজস্থানের ইনিংসের ১৬তম ওভারের। যশস্বী জয়সওয়ালের আউটের পর পাঁচ নম্বরে নামেন হেটমায়ার। উইকেটের অন্য প্রান্তে তখন ধ্রুব জুড়েল। কিন্তু হঠাৎই আম্পায়ার খেলা থামিয়ে দেন। কারণ তাঁর হেটমায়ারের ব্যাটের আকার নিয়ে সন্দেহ হয়েছিল। তাই ব্যাটের আকার সীমার মধ্যে রয়েছে কিনা, তা জানতে গজ-ফিতে দিয়ে মাপেন আম্পায়ার। যদিও পরীক্ষায় পাশ করেন ক্যারিবিয়ান তারকা। এখানেই শেষ নয়। পরে সল্টের ব্যাটও পরীক্ষা করা হয়। তিনিও সসম্মানে উত্তীর্ণ হন।
আইপিএলের ৫.৭ ধারা অনুযায়ী, ব্যাটের দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি বা ৯৬.৫২ সেন্টিমিটারের বেশি হবে না। আর চওড়ায় হবে ৪.২৫ ইঞ্চি বা ১০.৮ সেমি। এদিন রাজস্থানের হেটমায়ার ৮ রানে আউট হলেও আরসিবি’র ফিল সল্ট ৩৩ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। প্রসঙ্গত, এর সঙ্গে চর্চায় এসেছে ক্যাচ মিসের ঘটনাও। গোটা ম্যাচে এদিন চারটি ক্যাচ মিস হয়েছে।
এদিন রাজস্থানের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যমাত্রা ১ উইকেট হারিয়ে তুলে নেয় আরসিবি। তখনও বাকি ছিল ১৯ বল। ফিল সল্ট আউট হয়ে গেলেও ঝড় অব্যাহত ছিল বিরাট কোহলির (৬২)। বলা যায়, এই দুই তারকার চওড়া ব্যাটে ভর করেই হাসি মুখে মাঠ ছাড়ে বেঙ্গালুরু।
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!