Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
KKR

আজই নাইট সংসারে আসছেন নারিন-রাসেলরা, বিদেশিদের ফেরা নিয়ে সমস্যায় গুজরাট-পাঞ্জাব

বিদেশি ক্রিকেটারদের ফেরাতে সংশ্লিষ্ট বোর্ডের সঙ্গে কথা বলছে বিসিসিআই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৫, ১০:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৫, ১০:২৩

options
link
আজই নাইট সংসারে আসছেন নারিন-রাসেলরা, বিদেশিদের ফেরা নিয়ে সমস্যায় গুজরাট-পাঞ্জাব zoom
ফাইল চিত্র
Advertisement

স্টাফ রিপোর্টার: সীমান্তে ভারত-পাক সংঘর্ষ থেমেছে। পরিবর্তিত সূচি অনুযায়ী আইপিএল ফের শুরু হবে রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে। ১৭ মে-র সেই ম্যাচ কেকেআরের জন্য রীতিমতো ‘মরাবাঁচার লড়াই। কারণ বিরাট কোহলিদের বিরুদ্ধে জিততে না পারলে প্লে অফে যাওয়ার সম্ভাবনা এবারের মতো শেষ হয়ে যাবে নাইটদের। ম্যাচ চিন্নাস্বামীতে। তাই সরাসরি বেঙ্গালুরুতেই দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে ক্রিকেটারদের। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যেই সব ক্রিকেটার চলে আসবেন বলেই নাইট শিবির সূত্রে খবর।

পুরনো সূচি অনুযায়ী, ১১ মে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হওয়ার কথা ছিল কেকেআরের। সেই মতো ৮ মে নিজামের শহরে পৌঁছে গিয়েছিলেন অজিঙ্ক রাহানেরা। কিন্তু পরদিন সকালেই আইপিএল সাত দিনের জন্য স্থগিত করার কথা ঘোষণা করে ভারতীয় বোর্ড। তাই হায়দরাবাদ থেকেই নিজ নিজ গন্তব্যে রওনা হন নাইট তারকারা। এরমধ্যে ভারতীয় ক্রিকেটারদের ফেরা নিয়ে বিশেষ সমস্যা নেই। তাঁরা বুধবারই ভাগে ভাগে বেঙ্গালুরু চলে আসবেন। অন্যদিকে, সময় লাগলেও বিদেশিরা সকলেই ফিরবেন বলে আশাবাদী নাইট ম্যানেজমেন্ট। দলের ক্যারিবিয়ান ব্রিগেড, অর্থাৎ সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রভম্যান পাওয়েল এবং মেন্টর ডোয়েন ব্র্যাভো যেমন দেশে ফেরেননি। তাঁরা আছেন দুবাইয়ে। আবার রহমানুল্লাহ গুরবাজ কাবুলে রয়েছেন। তিনি সেখান থেকে দুবাই এসে নারিন-রাসেলদের সঙ্গে যোগ দেবেন। তারপর একসঙ্গে বেঙ্গালুরু আসবেন তাঁরা। প্রোটিয়া পেসার এনরিখ নখিয়া আবার আসবেন মালদ্বীপ থেকে। নাইট শিবিরে সবচেয়ে দূরে গিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার স্পেনসার জনসন এবং ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি। দু’জনেই বাড়ি ফিরেছেন। কবে ভারতে আসবেন তা স্পষ্ট না হলেও দু’জনেই আসছেন বলেই নাইট শিবির সূত্রে খবর। তবে প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি’কক আদৌ ফিরবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আপাতত ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবলে ছ’নম্বরে আছে কেকেআর।

Advertisement

হঠাৎ আইপিএলের সূচি বদল হওয়ায় গুজরাট টাইটান্স আবার সমস্যার মুখে। এমনিতে আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর তাদের মাত্র দুই বিদেশিই ভারত ছেড়ে গিয়েছেন। সেই দু’জন, ইংল্যান্ডের জোস বাটলার এবং দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজে, অবশ্য বুধবারের মধ্যেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন। বাকি বিদেশিরা, অর্থাৎ রশিদ খান, করিম জানাত, কাগিসো রাবাডা এবং শেফান রাদারফোর্ড স্কোয়াডের সঙ্গে ভারতেই আছেন। এমনিতে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে গুজরাট। কার্যত প্লে অফের টিকিট পেয়েও গিয়েছে তারা। তবে সেই পর্বে রাবাডা, বাটলার ও রাদারফোর্ডকে তারা আদৌ পাবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ ২৯ মে থেকে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ শুরু হবে। ক্যারিবিয়ানদের ঘোষিত দলে আছেন রাদারফোর্ড। ইংল্যান্ড দলে আছেন বাটলারও। অন্যদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ৩১ মে থেকে শিবির করবে প্রোটিয়ারা। সেই দলে আছেন রাবাডা। ফলে ২৯ মে থেকেই শুরু হতে চলা আইপিএলের প্লে অফ রাউন্ডে তাঁদের গুজরাত জার্সিতে দেখা যাবে কি না, সেটাই প্রশ্ন।

প্রশ্ন রয়েছে পাঞ্জাব কিংসের মার্কাস স্টয়নিস ও জস ইংলিসের ফেরা নিয়েও। কোচ রিকি পন্টিং অবশ্য ব্যক্তিগতভাবে কথা বলে তাঁদের ফেরানোর চেষ্টা করছেন। পাঞ্জাবের প্লে অফে যাওয়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত। সেখানে সম্ভাবনা শেষ হয়ে গেলেও সানরাইজার্সের দুই অস্ট্রেলীয় তারকা প্যাট কামিন্স ও ট্রাভিস হেড বাকি ম্যাচ খেলতে ভারতে আসছেন। বিদেশিদের ভারতে ফেরা প্রসঙ্গে এক আইপিএল কর্তা বলেন, “সংঘর্ষের সময় ওঁদের ভয় পাওয়াটাই স্বাভাবিক। আর বোর্ডও তখন ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। ফলে ওঁদের ফেরা নিয়েও কোনও সমস্যা হওয়ার কথা নয়।” তবে ফ্র্যাঞ্চাইজিগুলি যাতে আইপিএলের বাকি অংশে পুরো স্কোয়াড নিয়েই খেলতে পারে, তা নিয়ে উদ্যোগী হয়েছে ভারতীয় বোর্ড। এজন্য বিভিন্ন দেশের বোর্ডের সঙ্গে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই। বোর্ডের এক কর্তার কথায়, “আমরা বিভিন্ন দেশের বোর্ডের সঙ্গে সরাসরি কথা বলছি। আর ফ্র্যাঞ্চাইজিরা কথা বলছে সংশ্লিষ্ট প্লেয়ারের সঙ্গে। আশা করছি, অধিকাংশ ক্রিকেটারই ফিরে আসবেন।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.