সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান রয়্যালসের কাছে ৫০ রানে পরাস্ত হয়েছে পাঞ্জাব কিংস। এরপর কটাক্ষের কাঁটায় বিদ্ধ গ্লেন ম্যাক্সওয়েল। অজি অলরাউন্ডারের দিকে তীব্র সমালোচনার তির ছুড়লেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। ম্যাক্সওয়েলকে ‘ক্রিকেটের হ্যালির ধূমকেতু’ বলে কটাক্ষ করেছেন তিনি।
শনিবার রাজস্থানের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই বিপাকে পড়ে পাঞ্জাব। ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে তারা। এরপর ম্যাক্সওয়েল নামলেও সেভাবে কিছু করতে পারেননি। অন্য প্রান্তে নেহাল ওয়াধেরা যখন আক্রমণাত্মক ব্যাটিং করছেন, তখন ম্যাক্সওয়েলকে ছন্দে পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ সময়ে ২১ বলে ৩০ রানে আউট হয়ে যান তিনি। আর এতেই চটেছেন মঞ্জরেকর।
তিনি সম্প্রচারকারী চ্যানেলকে বলেন, “হ্যালির ধূমকেতু সূর্যকে প্রদক্ষিণ করে এবং প্রতি ৭৫ বছরে একবার পৃথিবী থেকে দেখা যায়। ম্যাক্সওয়েলও তেমন। তিনি ৭৫টা ম্যাচে মাত্র একবারই ভালো ইনিংস উপহার দেন। ১৯৮৬ সালে শেষবার হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল। আবার দেখা যাবে ২০৬১ সালে। ব্যাটিংয়ে ম্যাক্সওয়েলের ক্ষেত্রেও একই ঘটনা। গ্লেন ম্যাক্সওয়েল হলেন ক্রিকেটের হ্যালির ধূমকেতু।”
গতবছর মেগা নিলামে ম্যাক্সওয়েলের ৪.২ কোটি টাকায় কিনে নেয় পাঞ্জাব। তবে চলতি আইপিএলে এখনও চেনা ছন্দে পাওয়া যায়নি তাঁকে। গুজরাট টাইটান্সের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছিলেন। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁর ব্যাট কথা বলেনি। তিন ম্যাচে করেছিলেন মাত্র ৩৯। আর রাজস্থানের বিরুদ্ধেও ছ’নম্বরে ব্যাটিং করতে নেমে ডাহা ফেল করলেন। সেই কারণে এখন তাঁর সমালোচনা চলছে। তবে মঞ্জরেকরের সঙ্গে সম্পূর্ণ একমত নন নভজ্যোৎ সিং সিধু। তিনি বলেন, ‘২৫টি ম্যাচে একবার ভালো খেলে ম্যাক্সওয়েল।’
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট