Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
India vs Sri Lanka

গম্ভীররা দেখে যাওয়ার পরেই বদলে দেওয়া হল পিচ! শ্রীলঙ্কায় ২২ গজ নিয়ে চরম ধন্দে ভারত

১৫ আগস্ট থেকে শুরু ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। পিচের চরিত্রের উপরই অনেকটা নির্ভর করছে ভারতের প্রথম একাদশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৫:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৫:৪৯

options
link
গম্ভীররা দেখে যাওয়ার পরেই বদলে দেওয়া হল পিচ! শ্রীলঙ্কায় ২২ গজ নিয়ে চরম ধন্দে ভারত zoom
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে প্রথম একাদশ নিয়ে চিন্তায় গম্ভীরের টিম ইন্ডিয়া। ছবি সংগৃহীত।
Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে গলের ২২ গজ নিয়ে ধন্দে ভারতীয় শিবির (India vs Sri Lanka)। পিচের চরিত্র বুঝতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তাঁরা বেরিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পিচ নিয়ে শুরু হয়ে যায় শেষ মুহূর্তের পরিচর্যা। গুঞ্জন, গম্ভীরদের দেখে যাওয়া পিচ নাকি বদলে ফেলা হয়েছে।  

বুধবার শুভমান গিলদের অনুশীলন ছিল না। সেই সুযোগে গম্ভীর ও কোটাক গলে গিয়ে পিচ খতিয়ে দেখেন। তখন সেখানে রুদ্ধদ্বার অনুশীলন করছিল শ্রীলঙ্কা। দর্শক ও সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। অল্প সময়ের জন্য গম্ভীরদের মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়। তখন পিচ ঢাকা ছিল। ঢাকা সরিয়ে ২২ গজ পরীক্ষা করেন তাঁরা। ভারতীয় কোচেরা মাঠ ছাড়তেই ফের পিচ ঢেকে দেওয়া হয়।

Advertisement

এর প্রায় দু’ঘণ্টা পরে শুরু হয় পিচের পরিচর্যা। মাঠকর্মীরা গোটা পিচের উপর কয়েকবার লন মোয়ার চালান। জানা গিয়েছে, ২২ গজের ঘাস অনেকটাই ছাঁটা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই পিচে সবুজভাব অনেকটাই কমে গিয়েছে। এর পর দেওয়া হয় হালকা রোলার। কাজ শেষ হলে কিছুক্ষণ পিচকে রোদে রাখা হয়। পরে আবার ঢেকে দেওয়া হয়েছে পিচ। ১৫ আগস্ট থেকে শুরু ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। পিচের চরিত্রের উপরই অনেকটা নির্ভর করছে ভারতের প্রথম একাদশ। বিশেষ করে বোলিং আক্রমণ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে গম্ভীরদের। তিন পেসার না নাকি তিন স্পিনার, কোন ফরমেশনে নামবে ভারত, তার উত্তর মিলবে ২২ গজের আচরণ বুঝেই।

জশপ্রীত বুমরাহ না থাকায় শ্রীলঙ্কার ২০টি উইকেট তোলা ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। তার মধ্যে ওয়াশিংটন সুন্দরের চোটও চিন্তা বাড়িয়েছে। হ্যামস্ট্রিংয়ের চোট এখনও পুরোপুরি সারেনি তরুণ অলরাউন্ডারের। দ্বিতীয় টেস্টেও তাঁকে হয়তো পাওয়া যাবে না। কারণ ওয়াশিংটনকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না বিসিসিআইয়ের চিকিৎসকেরা। প্রথম টেস্টের আগে দু’দিন অনুশীলনের সুযোগ রয়েছে শুভমান গিলদের। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুশীলনেও নেমেছে ভারত। পিচের পাশাপাশি গলের আবহাওয়ার দিকেও নজর রাখছেন গম্ভীরেরা। তবে সবচেয়ে বেশি আলোচনায় গলের রহস্যময় পিচ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.