পাক ক্রিকেটে বেনজির টানাপোড়েনের মধ্যে এবার সরাসরি কোপ পড়তে চলেছে ক্রিকেটারদের উপর। চোটের নাটক করে মাঠে না নামার অভিযোগে দু’বছরের জন্য নির্বাসিত হতে পারেন তারকা ওপেনার ইমাম-উল-হক। শুধু তাই নয়, দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্স এবং দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মহম্মদ রিজওয়ানের গোটা কেরিয়ারটাই শেষ হতে বসেছে।
পাকিস্তান ক্রিকেটে এই মুহূর্তে রীতিমতো নাটক চলছে। ইংল্যান্ডের কাছে টানা দুই টেস্টে হার। এখনও আরেকটি টেস্ট বাকি। তাতেও দল যে বিরাট পারফর্ম করবে, তেমন কোনও প্রত্যাশা নেই অতি বড় পাকিস্তান সমর্থকেরও। এসবের মধ্যে সিরিজের মাঝপথে টেস্ট স্কোয়াডের সাতজন ক্রিকেটার বদলে ফেলা হচ্ছে! কোচ বদলে যাচ্ছেন। তার চেয়েও বড় কথা ক্রিকেটাররা বাদ পড়ার খবর জানতে পারছেন তাঁদের পরিবারের থেকে! মহম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সলমন আলি আঘা, আলি উসমান, আমির জামাল, মহম্মদ জাফর ও খুররাম, এই সাতজনের জায়গায় নতুন সাতজনকে পাঠানো হচ্ছে ইংল্যান্ডে।
আরও পড়ুন:
বিতর্ক সেখানেই থেমে নেই। যে সাতজনকে দেশে ফেরানো হচ্ছে তাঁদের মধ্যে একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও রয়েছে। সবচেয়ে ভয়ংকর অভিযোগ রয়েছে ইমাম-উল-হকের বিরুদ্ধে। দ্বিতীয় টেস্টে দলে থাকতেও ব্যাট করতে নামেননি ওপেনার ইমাম-উল-হক। তাঁর নাকি পায়ে চোট। পাক ব্যাটিংকে ধরাশায়ী হতে দেখেও নামেননি। তবে চতুর্থ দিন পায়ে স্ট্র্যাপ বেঁধে শর্টস পরে মাঠে নেমে অনুশীলন করছিলেন। যা দেখে ক্রিকেট মহল মোটামুটি নিশ্চিত যে তিনি অভিনয় করছিলেন। তাছাড়া এটাই প্রথম নয়, আগেও একাধিকবার চোটের অভিনয় করেছেন ইমাম। যখনই কঠিন পিচে খেলতে হয়, তিনি চোটের নাটক করেন। ইমামের এই ব্যাপারটাকে মোটেই হালকাভাবে নিচ্ছে না পিসিবি। সূত্রের দাবি, ইমামকে দু’বছরের জন্য নির্বাসিত করা হতে পারে। রিজওয়ানের দায়িত্বজ্ঞানহীন আচরণেও ক্ষুব্ধ পিসিবি। সিনিয়র ক্রিকেটার হওয়া সত্ত্বেও তিনি দায়িত্ব পালন করছেন না, এই অভিযোগ উঠেছে। পিসিবি সূত্রের খবর, আগামী দিনে আর রিজওয়ানকে জাতীয় দলে সুযোগই দিতে চায় না পিসিবি।
এসবের মধ্যে যাকে এই অব্যস্থার জন্য সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়তে হচ্ছে, সেই পিসিবি প্রধান মহসিন নকভি অবশ্য নিজের অবস্থানে অনড়। তিনি দাবি করছেন, তাঁর আমলে পাক ক্রিকেট পিছিয়ে পড়েনি। বরং উন্নতিই হয়েছে। নকভির দাবি, পাকিস্তান ক্রিকেট টিম তাঁর আমলে সব ফরম্যাটেই আইসিসি ক্রমতালিকায় উপরের দিকে উঠেছে। শুধু দুটো টেস্ট হার দিয়ে বিচার করা উচিত নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মধ্যমগ্রামে মাছচোর! প্রায় চার হাজার টাকার ইলিশ মাছ হাতিয়ে উধাও বৃদ্ধা
-
স্কুলেই নির্যাতনের শিকার ছাত্রীরা! হেনস্তার পর ভিডিও আপলোডের অভিযোগে সাসপেন্ড ২ শিক্ষক
-
‘বাংলাদেশি ইলিশে’র নামে চড়া দামে বিকোচ্ছে ভুয়ো মাছ! থানায় অভিযোগ দায়ের
-
জন্মাষ্টমীর ভোগে তালের বড়া, সুগার থাকলে কি শুধু দেখেই কাটাবেন? খেতে পারেন এই ৩ কৌশলে!
-
শিলিগুড়ি থেকে দক্ষিণ কোরিয়ায় পাড়ি দুর্গার, কীভাবে সোশাল মিডিয়া ঘোরাল বাংলার প্রতিমাশিল্পীর ভাগ্য?