সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে ভারতীয় দলকে বিশেষ পরামর্শ প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিংয়ের। তিনি মনে করেন, ইংল্যান্ড সিরিজে বাঁ-হাতি পেসার অর্শদীপ সিংকে প্রথম এগারোয় সুযোগ দিলে ভারতীয় দলই লাভবান হবে।
পুরোপুরি ফিট না হয়ে ওঠার কারণে মহম্মদ শামি ভারতীয় দলে সুযোগ পাননি। তাঁর অনুপস্থিতিতে অর্শদীপের অভিষেক হওয়া উচিত। এ কথা মনে করিয়ে পন্টিং বলেন, “ভারতীয় স্কোয়াডে সুযোগ পাওয়ার জন্য ওকে অভিনন্দন। যোগ্য হিসেবেই ও সুযোগ পেয়েছে। আমি অর্শদীপকে শুরু থেকেই প্রথম এগারোয় দেখতে চাইব। ও খুবই পরিণত একজন ক্রিকেটার। ওকে খুবই ভালোভাবে জানার সুযোগ পেয়েছি। খুবই শান্ত স্বভাবের। আমরা ওকে সবাই খুব পছন্দ করি।”
প্রাক্তন অজি অধিনায়কের সংযোজন, “ইংল্যান্ডে ডিউক বল ওকে সাহায্য করবে বলেই মনে হয়। এরপর ও যদি দলে সুযোগ না পায়, তাহলে অবাকই হব। মনে রাখতে হবে, অর্শদীপ কিন্তু কাউন্টি ক্রিকেটও খেলেছে। ইংল্যান্ডে বল সুইং করে অনেকক্ষণ। অর্শদীপের হাতেও ভালো সুইং রয়েছে। সেই কারণে ওর মতো বোলারের দলে থাকা দরকার। ওর উচ্চতাও অনেকটা বেশি। তাই ইংল্যান্ডের উইকেটে ও বাউন্সও ভালো পাবে। আশা করি, সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেবে।”
উল্লেখ্য, ভারতীয় পেস বিভাগে একমাত্র বাঁ-হাতি অর্শদীপ। এহেন পেসার মাত্র ৬৩ ম্যাচে ৯৯ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের জাত চিনিয়েছেন। প্রথম শ্রেণির ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ২১ ম্যাচে ৬৬টি। এবার তিনি টেস্ট দলেও সুযোগ পেয়েছেন। পন্টিংয়ের আশা, লাল বলের ক্রিকেটেও সফল হবেন অর্শদীপ।
সর্বশেষ খবর
-
জ্ঞানেশের ভূয়সী প্রশংসা ট্রাম্পের! কংগ্রেসের খোঁচা ‘নিয়ে যান আমেরিকায়, ইভিএমগুলোও পাঠিয়ে দেব’
-
সজোরে মুখে বলের আঘাত, আইসিইউতে ভর্তি ভারতীয় আম্পায়ার! আতঙ্কে মাথায় হাত উঠতি ব্যাটারের
-
পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা ছাড়াই দেদার হোটেল ব্যবসা! তারাপীঠ বিপর্যয়ে এবার গ্রেপ্তার ‘বিদেশিনী’র মালিক
-
প্রশ্নের মুখে বিমানের নিরাপত্তা, ‘সাইকোঅ্যাকটিভ’ পদার্থের পরীক্ষা করা হোক পাইলটদের
-
দেখা করতে গিয়ে ‘আক্রান্ত’ মমতা, হালিশহরে তৃণমূল কর্মী খুনে সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর