12সংবাদ প্রতিদিন ডিজিটাল: এক কথায় মরণ-বাঁচন ম্যাচে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে হরমনপ্রীত কৌরদের সামনে একটি রাস্তাই খোলা আছে। জয়। বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে ভারতের দু’টি মাচ বাকি আছে। নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। দু’টি দলকেই তাদের হারাতে হবে। অঙ্কটা পরিষ্কার। ইতিমধ্যেই তিনটি দলের সেমিফাইনালে ওঠা নিশ্চিত। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। চতুর্থ দল হিসাবে কে সেমিফাইনালে উঠবে, তার জন্য লড়াই চলছে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে।
বিশ্বকাপে ভারতীয় দল শুরুটা ভালোই করেছিল। শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে হারানোর পরই ছন্দপতন ঘটে হরমনপ্রীতদের। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড-পরপর তিনটি ম্যাচে হেরে সেমিফাইনালের রাস্তা অনেকটাই কঠিন করে ফেলেছেন তাঁরা। শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হারটা আরও হৃদয়বিদারক। ৫৪ বলে ৫৬ রান করতে হত ভারতকে। হাতে সাত উইকেট। তবু ভারত জিততে পারেনি। যা কিছুতেই মেনে নিতে পারেননি ভারত অধিনায়ক হরমনপ্রীত।
এবারের বিশ্বকাপে ভারতীয় দলকে প্রথম থেকেই সমস্যায় ফেলে ষষ্ঠ বোলারের অভাব। এছাড়াও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতা। স্মৃতি মান্ধানা ফর্মে থাকলেও বাকিরা সেভাবে নিজেদের মেলে ধরতে পারছেন না। হরমনপ্রীত ইংল্যান্ডের বিরুদ্ধে রানে ফিরেছেন। ভারতীয় শিবিরে আশা, সামনের ম্যাচেও তাঁর ব্যাট ঝলসে উঠবে। ভারতকে জিততে হলে অবশ্যই বড় রান করতে হবে স্মৃতি এবং হরমনপ্রীতকে। ভারতীয় দলের কোচ অমল মুজুমদার গুরুত্বপূর্ণ ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে জানালেন, ব্যাটারদের স্ট্রাইক রেট নিয়ে চিন্তার কিছু নেই। তবে ব্যাটারদের বড় রান করতে হবে। তাঁর বক্তব্য, “আমরা সকলেই জানি, দলের ব্যাটারদের কাছ থেকে এখনও সেঞ্চুরি আসেনি। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স দেখলে বুঝতে পারবেন, অতীতের তুলনায় আমরা গত দেড় বছরে অনেক বেশি সেঞ্চুরি করেছি।”
বড় রান করতে না পারায় কী ভারতীয় ব্যাটাররা চাপে আছেন? ভারতীয় কোচের মন্তব্য, “আমি মনে করি না, ব্যাটারদের উপর খুব বেশি চাপ আছে। ওদের সঙ্গে আমি কথা বলেছি। ওরাও বলেছে, হাফ সেঞ্চুরিগুলি অবশ্যই সেঞ্চুরিতে পর্যবসিত করা উচিত ছিল। আমার ধারণা, সামনের ম্যাচেই হয়তো সেঞ্চুরি আসবে।” গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারত সেভাবে অনুশীলন করতে পারেনি। গতকালই বৃষ্টির জন্য তাদের প্র্যাকটিস বাতিল হয়ে যায়। উইকেট ব্যাটিং সহায়ক। তবে শিশির একটা ফ্যাক্টর হতে পারে।
সর্বশেষ খবর
-
চুপিসারেই ছাঁদনাতলায় অম্বরীশ! নিজে দাঁড়িয়ে বিয়ে দিলেন ‘ঘটক’ কৌশিক গঙ্গোপাধ্যায়, পাত্রী কে?
-
দেশ গড়তে বন ধ্বংস, অর্থনীতির চক্রব্যূহে হারানো পথ!
-
ভাবতেও পারেনি রাশিয়া, ইউক্রেনের আঘাতে মস্কোয় কালো বৃষ্টি! আতঙ্ক শহরজুড়ে
-
স্কুটারের গতির সঙ্গে পাল্লা দিতেন ভিনি! ‘পাড়ার ছেলে’র হাতে বিশ্বকাপ দেখতে মুখিয়ে পড়শিরা
-
যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়, আদালতে জানাল রাজ্য