সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় বদল আসছে টেস্ট ক্রিকেটে (Test Cricket) নিয়মে! সূত্রের খবর, টেস্টের দৈর্ঘ্য কমানোর কথা ভাবছে আইসিসি। আগামী দিনে পাঁচদিন নয়, টেস্ট ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়াতে পারে চারদিনে। বছরদুয়েকের মধ্যেই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে বলেই ইঙ্গিত আইসিসির। তবে এই নিয়মেও ছাড় দেওয়া হতে পারে ভারতকে।
অপেক্ষাকৃত ছোট দেশগুলি যেন আরও বেশি সংখ্যায় টেস্ট সিরিজ খেলতে পারে, সেই কথা মাথায় রেখেই লাল বলের ক্রিকেটের সময় কমানোর বিষয়ে ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বিখ্যাত সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ সূত্রে খবর, গত সপ্তাহে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময়েই এই নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই আইসিসি চেয়ারম্যান জয় শাহ প্রস্তাব দেন, এবার থেকে টেস্ট ম্যাচের দৈর্ঘ্য চারদিনে নামিয়ে দেওয়া হোক। উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচও সাড়ে তিনদিনের কমেই শেষ হয়েছে।
গার্ডিয়ানের রিপোর্টে তুলে ধরা হয়, টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার কথা মাথায় রেখেই টেস্ট ম্যাচের দৈর্ঘ্য কাটছাঁটের কথা ভাবছে আইসিসি। চ্যাম্পিয়ন হলেও খুব কম সদস্যের দল নিয়ে খেলতে এসেছিল প্রোটিয়ারা। রিপোর্টে দাবি করা হয়, অপেক্ষাকৃত ছোট দেশগুলি টেস্ট খেলতে চায় না। কারণ তাতে খরচের সমস্যা থাকে এবং সময়ও অনেক বেশি লাগে। ফলে অধিকাংশ ক্ষেত্রেই মাত্র দুই টেস্টের সিরিজ খেলা হয়। কিন্তু টেস্টের দৈর্ঘ্য যদি কমানো যায় তাহলে তিন সপ্তাহের মধ্যেই তিন টেস্টের সিরিজ খেলা যেতে পারে। চারদিনের টেস্ট হলে প্রত্যেকদিন ৯৮ ওভার খেলার পরিকল্পনা করছে আইসিসি।
তবে ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে পাঁচদিনের টেস্ট খেলার অনুমতি দেওয়া হবে। কারণ বর্ডার-গাভাসকর ট্রফি, অ্যান্ডারসন-তেণ্ডুলকর, অ্যাশেজের মতো বিখ্যাত সিরিজ খেলে থাকে এই দলগুলি। তাই এই সিরিজের ফরম্যাট বদলাতে চাইছে না আইসিসি। তবে নতুন নিয়ম হয়তো কার্যকর হতে পারে ২০২৭-২০২৯ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে। উল্লেখ্য, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র।
সর্বশেষ খবর
-
বামনেতাদের সঙ্গে ছবি! শেয়ার ট্রেডিংয়ের নামে ৮০ কোটির ‘প্রতারণা’ করে পলাতক হাওড়ার যুবক
-
গুরুতর অসুস্থ জেপি নাড্ডা, ভর্তি দিল্লির এইমসে! কী হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর?
-
তেরঙ্গায় বাড়ি সাজানোর প্ল্যান? এই ৬ বিষয় খেয়াল না রাখলে হতে পারে বড়সড় ভুল
-
ডিসট্যান্স কোর্সের দরজা বন্ধ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে! কারণ হিসেবে কী জানাল ইউজিসি?
-
‘মৌলালি থেকে শিয়ালদহ, সজল উচিত শিক্ষা দিয়েছিল’, ‘দেশদ্রোহী’দের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর