Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
KKR

সামনে প্লে অফের কঠিন অঙ্ক, কেকেআরের কাঁটা দুই প্রাক্তন নাইট

দিল্লির বিরুদ্ধে নামার আগে নাইট সংসারে সুখ কম, আশঙ্কা বেশি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৫, ১৫:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৫, ১৫:৪৮

options
link
সামনে প্লে অফের কঠিন অঙ্ক, কেকেআরের কাঁটা দুই প্রাক্তন নাইট zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিমের অবস্থা একেবারেই ভালো নয়। গত তিন ম্যাচের মধ্যে দু’টো হারতে হয়েছে। আর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেনে ঘরের মাঠে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গিয়েছে। পুরো পয়েন্ট পাওয়া যায়নি সেই ম্যাচ থেকে। এহেন অবস্থায় আজ অরুণ জেটলি স্টেডিয়ামে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামছেন অজিঙ্ক রাহানেরা। এবং তার আগে নাইট সংসারে সুখ কম, আশঙ্কা বেশি।

কী রকম? আগে সুখের বিষয়টা বলে নেওয়া যাক। সেটা হল, অরুণ জেটলি স্টেডিয়ামের বাইশ গজ। নয়াদিল্লিতে ফোন করে জানা গেল, বাইশ গজে ঘাস রাখা নেই সে ভাবে। পিচ মন্থর হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু পিচ মন্থর হলেও তাতে টার্ন কতটা থাকবে, তা নিয়ে ওয়াকিবহাল মহলের সন্দেহ থাকছে। তবে কেকেআর যাঁদের উপর উইকেট তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি নির্ভর করে, সেই দুই রহস্য স্পিনার সুনীল নারিন-বরুণ চক্রবর্তীর জুটি দিল্লির পিচ থেকে সাহায্য পাবেন বলেই অনেকের বিশ্বাস। ক্রিকেটমহলের ধারণা হল, নারিন-বরুণ বনাম কুলদীপ-অক্ষর যুদ্ধই কোটলায় দিল্লি বনাম কেকেআর দ্বৈরথের ফয়সলা করে দেবে। তবে কোটলার যা পিচ, তাতে রাহানেরা তৃতীয় স্পিনার খেলান কি না, সেটা দেখার। জায়গা একটাই। চেতন সাকারিয়া। তাঁকে বসিয়ে মায়াঙ্ক মার্কণ্ডে কিংবা অনুকুল রায়কে খেলানো।

Advertisement

কোথায় সুবিধে পেতে পারে কেকেআর, লেখা হল। এবার অসুবিধের দিকটায় আসা যাক। কেকেআরকে এত দিন ভোগাচ্ছিল ব্যাটিং। কিন্তু গত দু’ম্যাচ যাবৎ বোলিংও ভোগাচ্ছে। ইডেনে কেকেআর বোলিংয়ের বিরুদ্ধে উপুর্যপুরি দু’টো ম্যাচে দু’শো করে রান উঠেছে। বরুণ-নারিন সে ভাবে প্রভাব বিস্তার করতে পারেননি। উইকেটও পাননি তেমন। আইপিএলের পরিস্থিতি যা, তাতে প্লে অফ নিশ্চিত করতে গেলে আগামী পাঁচটা ম্যাচের পাঁচটাই জিততে হবে কেকেআরকে। তার মধ্যে আবার কেকেআর পেসার হর্ষিত রানা সোমবার সাংবাদিক সম্মেলনে বলে গেলেন, ব্যক্তিগত ভাবে পূর্বতন নাইট মেন্টর গৌতম গম্ভীরের অভাব কিছুটা হলেও টের পাচ্ছেন তিনি।

আইপিএল হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট, হর্ষিতের উত্থান গুরু গম্ভীরের হাত ধরেই। “আমাদের সাপোর্ট স্টাফ কম্পোজিশন গত বারের মতো একই রকম রয়েছে। অভিষেক নায়ার ভাইও আবার ফিরে এসেছেন। ব্র্যাভো রয়েছেন। চান্দু সার (চন্দ্রকান্ত পণ্ডিত) রয়েছেন। কিন্তু গৌতি ভাই (গম্ভীরকে যে নামে ডাকা হয়) থাকলে, একটা উত্তেজনা কাজ করে। সেটা কিছুটা হলেও মিস করছি। তবে আবারও বলছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অনুভূতি”, এ দিন বলে দেন হর্ষিত। কিন্তু বাস্তব হল, গম্ভীর এবার নেই কেকেআরে। বরং বিপক্ষ টিমে দু’জন প্রাক্তন নাইট রয়েছেন, যাঁরা রাহানের কেকেআরের পয়লা নম্বর ‘শত্রু’ হিসেবে আবির্ভূত হতে পারেন। প্রথম জন, কুলদীপ যাদব। যাঁর সঙ্গে অতীতে কেকেআরের ‘বিচ্ছেদ’ মোটেও সুখের হয়নি। আর দ্বিতীয় জন, মিচেল স্টার্ক। গত বার নক আউট পর্ব থেকে যিনি প্রায় একা কেকেআরকে চ্যাম্পিয়ন করে দেন। দেখার, আজ জেতেন কারা? নাইটরা? নাকি প্রাক্তন নাইটরা।

আজ আইপিএলে
দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআর, নয়াদিল্লি, সন্ধে ৭.৩০, স্টার স্পোর্টস

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.