সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনে আরও একটা ভারত-পাকিস্তান মহারণ। এবার যদিও সেটা যুবদের। এমার্জিং এশিয়া কাপ টি-২০তে(Emerging Asia Cup T20 2024) টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ভারতীয় দলের নেতৃত্বে আছেন তিলক বর্মা। অন্যদিকে পাকিস্তান শাহিনসের অধিনায়ক মহম্মদ হ্যারিস।
গতবছর এই ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। কিন্তু সেখানে হারতে হয়েছিল যশ ধুলের নেতৃত্বাধীন ভারতকে। ফলে এবার ‘প্রতিশোধ’-এর জন্য মরিয়া থাকবেন তিলকরা। ওমানে আয়োজিত এই টুর্নামেন্টে যে দল খেলতে নামবে, তা গতবারের থেকে তুলনামূলকভাবে শক্তিশালী বলেই মনে করছে ক্রিকেটমহল। আইপিএলের মঞ্চে তিলক বর্মা এমনিতেই প্রতিষ্ঠিত। যুবদের এশিয়া কাপেও সেই ঝলক দেখা যেতে পারে।
সহ অধিনায়কের দায়িত্বে আরেক প্রতিভাবান অভিষেক শর্মা। আইপিএলে তো বটেই, তার পর জিম্বাবোয়ে বিরুদ্ধে সেঞ্চুরিও করেছেন। এছাড়াও রয়েছেন বৈভব অরোরা, আয়ুষ বাদোনি, রাহুল চাহার, সাই কিশোর, রমনদীপ সিংরা। প্রত্যেকেই নিজেদের প্রতিভা দেখিয়েছেন আইপিএলের মঞ্চে।
অন্যদিকে পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন মহম্মদ হ্যারিস। ২৩ বছর বয়সি এই ক্রিকেটার অবশ্য দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। ফলে তাঁরও চেষ্টা থাকবে এমার্জিং এশিয়া কাপে ভালো পারফর্ম করার। এছাড়াও আছেন আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়াল, মহম্মদ ইমরান, ইয়াসির খানরা। এঁদের মধ্যে অধিকাংশরই পাকিস্তানের মূল দলের হয়ে অভিষেক হয়নি। তবে প্রায় প্রত্যেকেই পাকিস্তান সুপার লিগে নিয়মিত খেলেন। ফলে ভারতকে এগিয়ে রাখলেও দুদলের লড়াই যে টানটান হতে পারে, সেটা অনেকেই মনে করছেন।
এমার্জিং এশিয়া কাপে ভারতীয় দল: তিলক বর্মা, বৈভব অরোরা, আয়ুষ বাদোনি, রাহুল চাহার, অংশুল কাম্বোজ, সাই কিশোর, আকিব খান, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), রসিখ সালাম, নিশান্ত সিন্ধু, প্রভসিমরন সিং, রমনদীপ সিং, অভিষেক শর্মা, হৃত্বিক শোকিন, নেহাল ওয়াধেরা।
সর্বশেষ খবর
-
তৃণমূল কাউন্সিলরকে তাড়া জনতার, সামাল দিতে লাঠিচার্জ-কাঁদানে গ্যাস পুলিশের, দুর্গাপুরে ধুন্ধুমার
-
এসিসি নির্বাচনে বিসিসিআইকে টেক্কা, বড় জয়ে এশীয় ক্রিকেটে প্রভাব বাড়ল পাকিস্তানের?
-
প্রায় দেড়শো ইনজেকশনের যন্ত্রণা! যমজ সন্তানের মা হলেন অনুষ্কা, কী নাম রাখলেন?
-
বঙ্গে ফের নিম্নচাপের চোখরাঙানি, ভাসতে পারে কলকাতা-সহ গোটা রাজ্য
-
আগুনের গ্রাসে শিশুপ্রাণ! মহারাষ্ট্রে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৩ সদ্যোজাত