Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Team India

শ্রেয়সের জায়গায় তিলক! ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত জাদেজাও, কী যুক্তি গম্ভীরদের?

সেঞ্চুরি করেও রুতুরাজ গায়কোয়াড় কেন 'বঞ্চিত'?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ২০:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ২০:২৩

options
link
শ্রেয়সের জায়গায় তিলক! ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত জাদেজাও, কী যুক্তি গম্ভীরদের? zoom
বাঁদিকে গৌতম গম্ভীর এবং ডানদিকে শ্রেয়স আইয়ার ও তিলক বর্মা। ফাইল ছবি
Advertisement

আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ। তার দলগঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টিম ইন্ডিয়ার (Team India) ওয়ানডে দলের নিয়মিত সদস্য শ্রেয়স আইয়ার ও রবীন্দ্র জাদেজা। তবে বিশ্বকাপে শ্রেয়সের বিকল্প হিসেবে তিলক বর্মাকে তৈরি করে রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। যাতে মিডল অর্ডার আরও শক্তিশালী হয়। অন্যদিকে বিশ্বকাপে জাদেজার জায়গা নিয়েও সংশয় থেকেই যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে ভারতের ওয়ানডে দলের অন্যতম সেরা ব্যাটার শ্রেয়স। গত বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাবাহিক পারফর্ম করে এসেছেন। চার নম্বরে তাঁর খেলা নিয়ে প্রায় নিশ্চিত। কিন্তু শ্রেয়স যদি চোট পান বা আচমকাই অফ ফর্ম শুরু হয়? সেই কারণে তিলক বর্মাকে এখন থেকেই তৈরি রাখতে চায় বিসিসিআই। টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য তিলক। তবে ওয়ানডেতে নিজেকে এখনও প্রমাণ করতে পারেননি।

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল মনে করেন, মিডল অর্ডারে কোনও বিকল্প প্লেয়ার তৈরি নেই। হার্দিক পাণ্ডিয়া ও নীতীশকুমার রেড্ডি চোটপ্রবণ। তাঁরা এমন কাউকে চান, যিনি প্রয়োজনে ওয়ানডেতে চার ওভার বল করতে পারবেন।” যেটা তিলক পারেন। তাছাড়া ভারতের টপ অর্ডারে ডানহাতি ব্যাটারদের ভিড়। সেখানে বাঁহাতি ব্যাটার তিলককে সুযোগ দিতে পারেন কোচ গৌতম গম্ভীর।

আরও কারণ আছে। বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকার বাউন্সি পিচে। সাম্প্রতিক সময়ে শ্রেয়সকে সেরকম পিচে খেলতে হয়নি। অস্ট্রেলিয়ায় গিয়ে গুরুতর চোট পান। ‘বয়স্ক’ রোহিত শর্মা, বিরাট কোহলিও ছোটখাট চোট পাচ্ছেন। বিশ্বকাপ আসতে আসতে কেএল রাহুলের বয়সও ৩৫ হয়ে যাবে। তাই তরুণ ক্রিকেটারদের দরকার। সেই কারণে দলে রবীন্দ্র জাদেজার জায়গাও নিশ্চিত নয়। সেখানে ওয়াশিংটন সুন্দর বা অক্ষর প্যাটেলকে জায়গা দেওয়া হতে পারে। কিন্তু সেঞ্চুরি করেও রুতুরাজ গায়কোয়াড় কেন জায়গা পাবেন না? বোর্ডের যুক্তি, রুতুরাজ তো ওপেনার। তাই তাঁকে চার নম্বরে খেলানো হবে না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.