Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Raja Sen Death

চিরনিদ্রায় ‘দামু’ পরিচালক রাজা সেন, শোকস্তব্ধ সিনেমহল

রবিবাসরীয় সকালে শোকের ছায়া টলিউডে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১৫:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১৫:১৫

options
link
চিরনিদ্রায় ‘দামু’ পরিচালক রাজা সেন, শোকস্তব্ধ সিনেমহল zoom
চিরনিদ্রায় 'দামু' খ্যাত পরিচালক রাজা সেন
Advertisement

রবিবাসরীয় সকালে টলিউডে আছড়ে পড়েছে গভীর শোক। অসুস্থতার সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন ‘দামু’ পরিচালক। স্বাধীনতা দিবসের ঠিক পরদিন অর্থাৎ রবিবার সকালেই জীবনাবসান খ্যাতনামা প্রবীণ চলচ্চিত্র নির্মাতা রাজা সেনের। তাঁর প্রয়াণের খবরে শোকস্তব্ধ সিনেজগৎ। রাজা সেন আর নেই, এখনও যেন বিশ্বাস করতে পারছেন না তাঁর পরিচিতমহল। দীর্ঘদিন গুরুতর অসুস্থ থাকার পর দক্ষিণ কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। রাজা সেনের প্রয়াণে বাংলা সিনেমা ও টেলিভিশনের আঙিনায় একটা যুগের অবসান ঘটল, সে কথা বলাই বাহুল্য। কোমরে চোট নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু, ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফুসফুসে সমস্যা দেখা দেয়। হৃদরোগেও আক্রান্ত হন প্রবীন পরিচালক রাজা সেন।

Advertisement
Raja Sen, Bengali film director, passes away at 71
রাজা সেন

এরপর গত সোমবার পরিচালককে স্থানান্তরিত করানো হয় এস‌এসকেএমে। সেখানে আবার চিকিৎসাধীন অবস্থায় কিডনির‌ সমস্যা দেখা দেয়। ভেন্টিলেশনে রাখা হলেও শেষ রক্ষা হল না। প্রয়াত পরিচালকের বড়মেয়ে থাকেন জার্মানিতে। বাবাকে হাসপাতালে ভর্তি করে বিদেশে ফিরে গিয়েছেন। তাই এই মুহূর্তে আর দেশে ফেরা সম্ভব নয়। তাই প্রয়াত পরিচালক রাজা সেনের শেষযাত্রায় থাকতে পারবেন না বড়মেয়ে।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে বাংলা ছবি ‘দামু’র মাধ্যমে পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন প্রয়াত রাজা সেন। সেরা শিশুচলচ্চিত্রের জন্য তাঁর ঝুলিতে এসেছিল জাতীয় পুরস্কার। পরিচালক হিসেবে দীর্ঘ কেরিয়ারে একাধিক ধারাবাহিক ও ছবি পরিচালনা করেছেন। এছাড়াও কর্মের ঝুলিতে রয়েছে তথ্যচিত্রও।  রাজা সেন পরিচালিত ‘দেশ’ ছবিতে অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন ও অভিষেক বচ্চন।

Raja Sen, Veteran Bengali Filmmaker and Damu Director, Died today
রাজার নির্দেশনা

দীর্ঘ সাত বছর আগে অর্থাৎ ২০১৯-এ শেষবার পরিচালকের চেয়ারে বসেছিলেন রাজা সেন। তাঁর নির্দেশানয় মুক্তি পেয়েছিল ‘ভালবাসার গল্প’। জীবনে অনেক প্রতিকূলতা এসেছে। তবুও বাংলা সিনেমার স্বর্ণালী ঐতিহ্যকে  কাজের মধ্যে বাঁচিয়ে রেখেছিলেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.