সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৌতুকছলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ তকমা সেঁটে মহাবিপাকে কুণাল কামরা। শিণ্ডে সমর্থকদের কোপের মুখে পড়েছেন কৌতুক শিল্পী। মুম্বইয়ের খার এলাকার যে হোটেলের ভিতর ‘হ্যাবিট্যাট’ নামের স্টুডিওয় শো করেছিলেন তিনি, সেখানেও কার্যত ধ্বংসলীলা চালায় শিবসেনা সমর্থকরা। সেই ঘটনার পরই মঙ্গলবার এক নতুন ভিডিও বার্তায় গান বেঁধে শিবসৈনিকদের খোঁচা দিলেন কুণাল কামরা।
সেই নতুন ভিডিওতেই সুর করে কৌতুকশিল্পীকে গাইতে শোনা যায়, ‘হাম হোঙ্গে কাঙ্গাল…।’ বলাই বাহুল্য, ‘হাম হোঙ্গে কামিয়াব’ গানটির অনুকরণে কুণালের এই নতুন গান। নাম দিয়েছেন ‘বিকশিত ভারতের অন্যতম অ্যান্থেম’। হিন্দি সেই গানের বাংলা ভাষায় তর্জমা করলে দাঁড়ায়, “একদিন হব কাঙাল, মনে যত অন্ধ বিশ্বাস, দেশের সর্বনাশ…।” সংশ্লিষ্ট গানে শিবসেনাকে বিঁধে গান্ধী হত্যাকারী নাথুরাম গডসে আর আশারামের নামোল্লেখও করেন তিনি। সেইসঙ্গে ভিডিওতে জুড়ে দেওয়া হয়েছে সেই রাতের ধ্বংসযজ্ঞের ফুটেজ। এই ভিডিও প্রকাশ্যে আনার ঘণ্টাখানেক আগেই মুম্বই পুলিশ কুণাল কামরাকে তলব করে পাঠিয়েছিল। পালটা আইনজীবী মারফৎ চিঠি দিয়ে কৌতুকশিল্পী জানিয়েছেন, তাঁর আরও একসপ্তাহ সময় দরকার। উল্লেখ্য, কুণাল কামরার বিরুদ্ধে মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল। তার পরও অবশ্য দমে যাননি তিনি। কুণালের মন্তব্য, “আমি ক্ষমা চাইব না। এই উন্মত্ত জনতাকে আমি মোটেই ভয় পাই না। আর খাটের তলাতেও লুকোচ্ছি না। দেখব, কতদিনে শেষ হয়।”
View this post on Instagram
সম্প্রতি মুম্বইয়ের এক হোটেলে নিজের চেনা ভঙ্গিতে কৌতুক করতে গিয়ে মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনীতি, শিব সেনার দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাকে কটাক্ষ করেন কুণাল। নাম না করে একনাথ শিণ্ডেকে কটাক্ষ করে গান বাঁধেন। উপমুখ্যমন্ত্রীকে ‘গদ্দার’ বলতেও ছাড়েননি তিনি। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তেতে ওঠেন শিণ্ডে সমর্থকরা। যে হোটেলে এই শো রেকর্ড করা হয়েছিল, রবিবার সেখানে হামলা চালায় শিব সেনা (শিণ্ডে) সমর্থকরা। কুণালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকী তাঁকে দেশছাড়া করারও হুঁশিয়ারি দেওয়া হয়। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে যখন জোর চর্চা শুরু হয়েছে, সেই বিতর্কযজ্ঞেই ঘৃতাহূতির কাজ করল কুণাল কামরার নতুন ভিডিও।
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক