বেবোর ফিল্মি কেরিয়ারের বৃহস্পতি আপাতত তুঙ্গে! তেইশ সালেই বলিউডের পিচে দাপুটে প্রত্যাবর্তন ঘটেছে করিনা কাপুর খানের। পর পর দুটো জাঁদরেল চরিত্রে অভিনয় করে সিনেসমালোচক তো বটেই এমনকী দর্শকমহলেও আলোড়ন ফেলে দিয়েছিলেন বেবো। এবার কি বাস্তবের নৃশংস দলিল নিয়ে পর্দায় পুলিশ অফিসারের ভূমিকায় কাঁপন ধরাবেন? করিনা কাপুরের সাম্প্রতিক সিনেমা ‘দায়রা’র ঝলক দেখে তেমন প্রশ্নই উঠে আসছে।
ধর্ষণ-খুনের পর ওই ডাক্তারের দেহ পুড়িয়ে দেওয়া হয়। এহেন পৈশাচিক ঘটনা অবলম্বনেই কি তৈরি করিনা কাপুরের ‘দায়রা’?
আরও পড়ুন:
২০১৯ সাল। হায়দরাবাদে ছাব্বিশ বছরের তরুণী পশুচিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় শিউড়ে উঠেছিল গোটা দেশ। ধর্ষণ-খুনের পর ওই ডাক্তারের দেহ পুড়িয়ে দেওয়া হয়। এহেন পৈশাচিক ঘটনা অবলম্বনেই কি তৈরি করিনা কাপুরের ‘দায়রা’? সোমবার মুম্বইয়ে প্রচারঝলক উন্মোচনের দিনই প্রশ্ন রাখা হয়েছিল পরিচালক মেঘনা গুলজারের কাছে। যিনি এযাবৎকাল ‘রাজি’, ‘স্যাম বাহাদুর’ থেকে ‘ছপাক’-এর মতো সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবি উপহার দিয়েছেন দর্শককে। এবারও কি বাস্তবের ছায়া তাঁর ‘দায়রা’য়? প্রশ্ন শুনেই মেঘনা জানালেন, “শুধু একটি ঘটনার তথ্য ও পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৈরি করলে আমাদের ছবির পরিধি খুব সীমিত হয়ে যেত। এগুলো ভীষণ সংবেদশনশীল বিষয়। তাই একটিমাত্র দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ থাকতে চাইনি। দেশের বিভিন্ন প্রান্তে যা ঘটে, আমরা সেগুলিই তুলে ধরার চেষ্টা করেছি।” ‘দায়রা’র গল্পের সঙ্গে গোটা বিশ্বের দর্শক একাত্ম হতে পারবেন, সেকথাও উল্লেখ করেন পরিচালক।

মেঘনা গুলজারের কথায়, “এমন নয় যে ঘটনাগুলি কেবল একটি দেশ, কোনও রাজ্য বা বিশেষ কোনও অঞ্চলেই ঘটে। আমরা যেসব বিষয় নিয়ে কথা বলছি, সেগুলো সব জায়গাতে প্রায়শই ঘটে।” পরিচালকের মতে, বাস্তবের এহেন একাধিক নৃশংস ঘটনার একটা সাধারণ যোগসূত্র খোঁজার চেষ্টা করা হয়েছে ‘দায়রা’তে। সেই প্রেক্ষিতেই একাংশের কৌতূহল, চব্বিশ সালে কলকাতার তরুণী চিকিৎসকের ঘটনার ছায়াও কি ঠাঁই পাবে করিনা কাপুর অভিনীত ছবিতে? অপেক্ষা আর ক’দিনের। কারণ আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘দায়রা’।
প্রসঙ্গত তেইশ সালই ঘুরিয়ে দিয়েছিল করিনা কাপুরের ভাগ্যচক্র। ‘জানে জান’ সিরিজের সুবাদে দর্শক অনুরাগীদের নজর কাড়ার পাশাপাশি সিনেসমালোচকদের তরফেও দারুণ প্রশংসিত হয়েছিল বেবোর অভিনয়। তার পরই করিনার ঝুলিতে এসেছে ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এর মতো থ্রিলার সিনেমা। যেখানে গোয়েন্দা চরিত্রেও বাজিমাত করেছেন অভিনেত্রী। সেই সুবাদে, বিগ বাজেট দক্ষিণী সিনেমার মুখ্য চরিত্রের প্রস্তাবও গিয়েছে করিনার কাছে। বলিউডে বছর কুড়ি কাটিয়ে ফেললেও তেইশ সাল অবধি ‘পুহ’ কিংবা ‘গীত’ চরিত্রের জন্যই করিনাকে মনে রেখেছিলেন দর্শক। তবে খেলা ঘোরায় ‘জানে জান’। সিঙ্গল মাদারের ভূমিকায় বিজয় ভার্মা, জয়দীপ আহলাতের মতো দাপুটে অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে নজর কেড়েছিলেন বেবো। ২০২২ সালে আমির খানের সঙ্গে জুটি বেঁধে ‘লাল সিং চাড্ডা’ এনেছিলেন ঠিকই। কিন্তু সুপারফ্লপ সেই ছবিতে করিনাকে নিয়ে মোটেই হইচই হয়নি। বরং সমস্ত লাইমলাইট কেড়েছিলেন আমির খান। এবার দক্ষিণী সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে জুটি বেঁধে কোন চমক দেবেন? সেটাই দেখার অপেক্ষা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পদ্মাপাড়ের দুর্গাপুজোয় চমক! দেশলাই কাঠি-রেশমি সুতোয় গড়ে উঠছে দেবীপ্রতিমা
-
তেলতেলে মুখে মেক-আপ বসে না? সহজ ঘরোয়া টোটকায় পুজোর আগেই ত্বক হবে অয়েল-ফ্রি
-
গ্রাসিয়াস লিও, আন্তর্জাতিক ফুটবলকে মেসির বিদায়ে চোখে জল ভক্তদের, কী বললেন সতীর্থরা?
-
বনেদিবাড়ির দুর্গাপুজো মানেই মধুরান্ন! এই ৩ মণ্ডামিঠাই রাঁধবেন কীভাবে জানেন?
-
শিশুশ্রম দণ্ডনীয় অপরাধই, দম্পত্তির ‘মানবিকতা’র যুক্তি খারিজ করে জানাল হাই কোর্ট