সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েতের নির্বাচনী ডামাডোলে ইতিমধ্যেই চতুর্থ সিজন সাড়া ফেলে দিয়েছে। সচিবজি, পঞ্চায়েত প্রধান, প্রলাদচা, এমনকী ভিলেন বনরাকসকে টেক্কা দিয়ে ‘ম্যান অফ দ্য ম্যাচ’-এর খেতাব ছিনিয়ে নিয়েছে বিনোদ। এবার সেই বিনোদকে দেখিয়েই হিরোগিরি প্রধানজির। কেন? কারণ স্বয়ং প্রিয়াঙ্কা চোপড়া তাঁকে ভিডি কল করে করেছেন সুদূর মার্কিন মুলুক থেকে। আর ফোন করে শুধু তাঁদের ‘চারমূর্তি’র খোঁজই নেননি, বরং ফুলেরা থেকে ‘সাধের লাউ’ পাঠানোর আবদারও রেখেছেন প্রধানজির কাছে।

ভিডিও কলে প্রধানজির কাছে প্রিয়াঙ্কার আক্ষেপ, “নিউ ইয়র্কে তো লাউ-ই পাওয়া যায় না, আপনি প্লিজ ফুলেরা থেকে কিছু লাউ এখানে পাঠিয়ে দিন না।” উল্লেখ্য, ফুলেরায় লাউ বড় মহার্ঘ। আর সেই সুস্বাদের জন্যই লাউকে ‘ভোটচিহ্ন’ হিসেবে বেছে নিয়েছে প্রধানজি, মঞ্জুদেবীর পার্টি। সেই লাউ চেখে দেখার সুযোগ এযাবৎকাল ভারতীয় দর্শকদের হলেও এবার মার্কিন মুলুকে বসেও তেমনই ফুলেরার সাধের লাউ খেতে চাইছেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু তাই নয়, প্রধানজি ফুলেরা থেকে লাউ পাঠাতে রাজি হওয়ায় প্রিয়াঙ্কার মুখে ‘পঞ্চায়েত ৪’-এর জনপ্রিয় সংলাপ- “দেখ রাহা হ্যায় বিনোদ…, আমার জন্য ফুলেরা থেকে লাউ আসছে।” পাশাপাশি প্রধানজিকে অভিনেত্রী এও জানান যে, জন সিনাও তাঁদের ‘পঞ্চায়েত’-এর ফ্যান। যা শুনে চুল ঠিক করে প্রধানজির বুক গর্বে ফুলে উঠল। তিনি প্রতিশ্রুতি দিলেন, প্রিয়াঙ্কা তাঁর নিউ ইয়র্কের বাড়ির ঠিকানা পাঠালেই তিনি ফুলেরা থেকে লাউ পাঠিয়ে দেবেন সচিবজিকে বলে। কিন্তু এই ভিডিও কল কি শুধু লাউয়ের গুনগান গাওয়ার জন্যই নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? ফাঁস হল ভিডিও কলের কথোপকথন গড়ানোর সঙ্গে সঙ্গে।
আসলে সদ্য মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হলিউড সিনেমা ‘হেডস অফ স্টেট’। যে ছবিতে জন সিনা এবং ইদ্রিস অ্যালবার মতো দাপুটে তারকারাও রয়েছেন। ইতিমধ্যেই ক্ষুরধার কিছু অ্যাকশন সিকোয়েন্সে মারকাটারি অবতারে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা। যা দেখে দেশি গার্লকে ধন্য ধন্য করছেন অনুরাগীরা। তবে প্রধানজি আবার সেই জন্যই তাঁর ‘প্রিয়াঙ্কা বিটিয়া’কে সাবধান করে দিলেন- “প্রিয়াঙ্কা তোমার জন্য আমাদের গোটা ফুলেরা গর্বিত। তবে আমার কিন্তু খুব চিন্তা হয়, তুমি ওই মারপিটের দৃশ্যগুলোতে সাবধানে শুটিং কোরো।” আদতে প্রিয়াঙ্কা তাঁর ভারতীয় দর্শকদের কাছে হলিউড সিনেমা ‘হেডস অফ স্টেট’-এর প্রচার করতেই ব্লকবাস্টার সিরিজ ‘পঞ্চায়েত’-এর আশ্রয় নিয়েছেন। আর এই মিষ্টি প্রচারকৌশলী যে বেশ মনে ধরেছে সকলের, তা বলাই বাহুল্য।
সর্বশেষ খবর
-
‘বেইমানদের জন্য ক্ষমাপ্রার্থী, যারা যাওয়ার যাক’, ফের ‘শূন্য’ থেকে শুরুর অঙ্গীকার মমতার
-
ঝটকা মাংসের দোকান খুললেই ১০ হাজার টাকা অনুদান! বড় ঘোষণা বীজপুরের বিধায়কের
-
নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি, খুনের চেষ্টা! প্রধানকে ল্যাম্পপোস্টে বেঁধে চড়-থাপ্পড় জনতার
-
‘মনে ভক্তি নেই, তাই বলছেন চুরি হয়েছে’, রামমন্দিরে দান লোপাটে বিস্ফোরক উত্তরপ্রদেশের স্পিকার
-
বর্ষায় জ্বর মানেই ভাইরাল? হতে পারে কোভিড বা ফ্লু! জানুন তফাত করবেন কীভাবে