সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাদু প্রয়াত ইরিক ফ্রান্সিস এবং বাবা প্রয়াত বিক্রম কুমার জেটলি – দু’জনেই ভারতীয় সেনার সঙ্গে যুক্ত ছিলেন। তাই সেনা পরিবারের সঙ্গে আত্মিক যোগ তাঁর। ভারত-পাক অশান্ত পরিস্থিতিতে তাই আবেগে ভাসলেন অভিনেত্রী সেলিনা জেটলি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “শুনেছি উধমপুরের আর্মি পাবলিক স্কুলে হামলা হয়েছে। এটা আমাদের জন্য শুধু একটা খবর নয়। শুনে খুব কষ্ট পেয়েছি। চোখে যেন জল চলে আসার জোগাড়। এই স্কুলের সঙ্গে শৈশবের কত স্মৃতি জড়িয়ে রয়েছে।” সীমান্তে সেনাবাহিনীর সাহসিকতার কথা উল্লেখ করতে গিয়ে স্মৃতিতে ডুব দেন অভিনেত্রী। তিনি বলেন, “১৯৮০ সালে আমি জন্মেছি। বাবা এবং দাদু সেনাবাহিনীতে যুক্ত। ওঁদের দেখেই বড় হয়েছি। প্রতিটি বিদায়ই শেষবারের বিদায় হতে পারে জেনেই আমি বড় হয়েছি। আমার বাবা বিস্ফোরণের শব্দে মাত্র ৪১ বছর বয়সে শ্রবণশক্তি হারিয়ে ফেলেন। সেনার পরিবারের সদস্য হিসাবে শক্তিশালী হিসাবে বড় হয়েছি।”
সেলিনা আরও বলেন, “১৯৭১ সালের যুদ্ধের সময় আমার বাবা সবে একুশ বছরের। বাবা ভাদুরিয়ার যুদ্ধে গুরুতর আঘাত পেয়েছিলেন। একাধিক জায়গায় গুলি লেগে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তা সত্ত্বেও লড়ে গিয়েছিলেন। বাবা সাহসিকতার জন্য দু’বার পুরস্কৃতও হন।” অভিনেত্রী নিজেও সেনাবাহিনীতে যোগদানের চিন্তাভাবনা করেছিলেন। তিনি বলেন, “আমি মডেলিংয়ের পাশাপাশি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন এবং এএফএমসি-র জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। মিস ইন্ডিয়া হওয়ার সময়েও বাবা এবং আমার আশা ছিল সেনাবাহিনীতে যোগ দেব। আমার পরিবারের বহু মহিলাই সেনাবাহিনীতে রয়েছেন। আমার কাকিমা নৌবাহিনীর চিকিৎসক। আমার স্বপ্ন ছিল সেনার পোশাক পরা। কিন্তু তা পারিনি। সেটাই আমার একটি অপূর্ণ স্বপ্ন।” এর আগে সেনাকন্যা রিয়া চক্রবর্তীও একইভাবে আবেগে ভাসেন। সেনার শক্তির গাথা তুলে ধরেন সোশাল মিডিয়ায়।
সর্বশেষ খবর
-
বামনেতাদের সঙ্গে ছবি! শেয়ার ট্রেডিংয়ের নামে ৮০ কোটির ‘প্রতারণা’ করে পলাতক হাওড়ার যুবক
-
গুরুতর অসুস্থ জেপি নাড্ডা, ভর্তি দিল্লির এইমসে! কী হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর?
-
তেরঙ্গায় বাড়ি সাজানোর প্ল্যান? এই ৬ বিষয় খেয়াল না রাখলে হতে পারে বড়সড় ভুল
-
ডিসট্যান্স কোর্সের দরজা বন্ধ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে! কারণ হিসেবে কী জানাল ইউজিসি?
-
‘মৌলালি থেকে শিয়ালদহ, সজল উচিত শিক্ষা দিয়েছিল’, ‘দেশদ্রোহী’দের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর