Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Bigg Boss Bangla

‘বিগ বস বাংলা’র প্রস্তাব ফেরালেন উষসী-দেবলীনা-কিরণরা! কেন হাতের লক্ষ্মী পায়ে ঠেললেন?

'বিগ বস বাংলা'র কাস্টিং ঘিরে সোশাল পাড়ায় অসন্তোষ! কেউ ঘুম থেকে ওঠার ভয়, কেউ বা মানসিক সুস্থতার জন্য! কারি কারি টাকার হাতছানি ফিরিয়ে চর্চায় কারা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ১৮:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ১৮:২২

options
link
‘বিগ বস বাংলা’র প্রস্তাব ফেরালেন উষসী-দেবলীনা-কিরণরা! কেন হাতের লক্ষ্মী পায়ে ঠেললেন? zoom
'বিগ বস' কাস্টিং ঘিরে অসন্তোষ! প্রস্তাব পেয়েও কেন ফেরালেন উষসী, দেবলীনা, কিরণরা?
Advertisement

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ধরা দিয়েছে সেই মাহেন্দ্রক্ষণ। ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় মনামী ঘোষ, ভরত কল, সোনামণি সাহা, ‘লাফটারসেন’ নিরঞ্জন মন্ডল, দুর্নিবার সাহা, ঝিলম গুপ্ত, দীপেন্দু বিশ্বাসদের উপস্থিতিতে রবিবাসরীয় মজলিশ জমে জমজমাট। ‘বিগ বস বাংলা’র (Bigg Boss Bangla) গ্র্যান্ড ওপেনিংয়ে নজর ছিল গোটা বাংলার। পনেরো জনকে নিয়ে শুরু হল শো। তবে প্রতিযোগী তালিকা দেখে সকলেই যে সন্তুষ্ট এমনটা নয়। সিনেপাড়ার গুঞ্জন, ফিসফাসে অনেকেই প্রিয় তারকা কিংবা সেলেব ইনফ্লুয়েন্সারের নামশুনেছিলেন, কিন্তু চূড়ান্ত তালিকায় তাদের না দেখতে পেয়ে হতাশ হন দর্শক-অনুরাগীরা। সেই তালিকায় ঘোতন, বং গাই কিংবা দেবলীনা নন্দীদের মতো অনেকেই রয়েছেন। ‘বিগ বস বাংলা’র প্রস্তাব পেয়েও কেন হাতের লক্ষ্মী পায়ে ঠেললেন তাঁরা?

“যারা গিয়েছে তারা মেন্টালি অনেক শক্ত। কিন্ত আমি তৈরি ছিলাম না।…” 

Bigg Boss Bangla: Why Ushasi, Debolina & Kiran Dutta Rejected the Show
বং গাই কিরণ দত্ত। ছবি: ফেসবুক

হিন্দি সংস্করণের ট্রেন্ড অনুযায়ী সাধারণত বিতর্কিত বা জনমনাসের চর্চায় থাকা ব্যক্তিত্বরাই ‘বিগ বস’-এর ঘরে ঠাঁই পান। বাংলার অনেক সেলেবদের নামই উঠে এসেছিল জল্পনায়। তাঁদের মধ্যে ‘বং গাই’ কিরণ দত্ত,’বাঁকুড়া মিমস’-এর ঘোতন ওরফে উন্মেষ গঙ্গোপাধ্যায়রা ছিলেন। কিন্তু রবিবাসরীয় মজলিশে তাঁদের না দেখতে পেয়ে দর্শক-অনুরাগীদের একাংশ হতাশা প্রকাশ করেন। অনেকে আবার প্রতিযোগীদের অনেকেই ‘অযোগ্য’ বলে মনে করছেন। কেউ বা আবার ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ আশায় বসে। এমন আবহে মুখ খুললেন বিগ বস-এ যোগ না দেওয়া সেলেব ইনফ্লুয়েন্সাররা। বাংলার জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের মধ্যে অন্যতম ‘বং গাই’। নেটভুবনের জাবরা ফ্যানদের ভালোবাসাতেই তিনি বর্তমানে ‘ধনকুবের’ নেটপ্রভাবী। কেন গেলেন না ‘বিগ বস বাংলা’য়? কিরণ বলছেন, “হ্যাঁ, প্রস্তাব এসেছিল, কিন্তু যাচ্ছি না। সকাল ১০ টার আগে আমার বাবাই আমায় ঘুম থেকে ওঠাতে পারছেনা, বিগ বস আর কী করবে!” অতঃপর পরবর্তীতে যোগ দেওয়ার প্রস্তাব এলেও যে সেটা নাকচ করতে পারেন, সেই সম্ভাবনা জিইয়ে রাখলেন বং গাই।

Advertisement
Bigg Boss Bangla: Kiran Dutta, Ushasi & Debolina Reveal Why They Said No
দেবলীনা নন্দী

অন্যদিকে জানুয়ারি মাসের গোড়া থেকেই তিক্ত দাম্পত্য-ডিভোর্স নিয়ে চর্চায় দেবলীনা নন্দী। স্বামী প্রবাহর সঙ্গে কলহের জেরে বিষ খেয়ে আত্মহননের চেষ্টা করেন। কিন্তু ভাগ্যক্রমে সেযাত্রায় বেঁচে যান আরেক বন্ধু ইনফ্লুয়েন্সারের চেষ্টায়। তার পর থেকেই সোশাল পাড়ায় নজরে দেবলীনা। চর্চার আবহে মহুয়ার বায়োপিকেও কাজ পান। তাই অনেকেই আশা করেছিলেন ‘বিগ বস বাংলা’য় হয়তো দেবলীনা নন্দীকে দেখতে পাবেন। কিন্তু হল না। প্রস্তাব পেয়েও নাকচ করে দেন। কেন? দেবলীনা নন্দীর মন্তব্য, “আমার কাছে পাবলিসিটি আর টাকাপয়সার থেকে মানসিক ও শারীরিক সুস্থতা বেশি জরুরি। জেনে বুঝেই যাইনি। যারা বারবার আমাকে জিজ্ঞেস করছেন, তাদের জন্য বলছি- যারা গিয়েছে তারা মেন্টালি অনেক শক্ত। কিন্ত আমি তৈরি ছিলাম না। বন্ধু অংশগ্রহণ করেছে, আমি টিভির এপার থেকে বসেই দেখব।”

“প্রস্তাবে সায় দিইনি, তাতে আমার কোনও অহং বা আক্ষেপ কোনওটাই নেই। আছে নির্লিপ্তি।…”

Why Kiran Dutta, Debolina Nandy & Ushasi Chakraborty Rejected Bigg Boss Bangla
সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, উষসী চক্রবর্তী

প্রস্তাব এসেছিল উষসী চক্রবর্তীর কাছেও। দর্শকের প্রিয় ‘জুন আন্টি’ তিনি। অভিনেত্রী বলছেন, “গত কয়েকদিনে অনেকে জানতে চেয়েছেন যে, আমি ‘বিগ বস’-এ যাচ্ছি কিনা বা আমার কাছে কোনও প্রস্তাব এসেছে কিনা। ‘বিগ বস’ শুরু হওয়ার আগে এই প্রশ্নের উত্তর দিতে চাইনি । তাই এখন দিচ্ছি । হ্যাঁ, প্রস্তাব এসেছিল একাধিকবার। উদ্যোক্তাদের ধন্যবাদ এই প্রস্তাবের জন্য। কিন্তু আমার কখনওই মনে হয়নি এই অনুষ্ঠানের জন্য আমি মানসিক ও শারীরিকভাবে উপযুক্ত, কিংবা বলা ভালো প্রস্তুত। তাই জন্য আমি ‘না’ বলে দিয়েছি। যারা অংশগ্রহণ করলেন তাদের শুভেচ্ছা জানিয়ে ‘বিগ বস বাংলা’র সাফল্য কামনা করছি। আমার বহু পুরনো ও খুব কাছের বন্ধু মনামী ঘোষ রয়েছেন। তাঁকে বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি।” সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের মন্তব্য, “আমি যে প্রস্তাবে সায় দিইনি, তাতে আমার কোনও অহং বা আক্ষেপ কোনওটাই নেই। আছে নির্লিপ্তি। হয়তো অনেক অনেকগুলো টাকা রোজগার করা হল না। আমার অবশ্য চাহিদা খুবই কম। কিন্তু মানসিক স্বাস্থ্যকে আমি এখন অনেক বেশি গুরুত্ব দিই এসব ক্ষেত্রে। তবে যাঁরা যাচ্ছেন এবং যাঁরা উদ্যোক্তা তাদের অভিনন্দন।”

Bigg Boss Bangla: Why Kiran Dutta, Ushasi Chakraborty & Debolina Nandy Turned Down the Offer
‘ঘোতন’ উন্মেষ গঙ্গোপাধ্যায়

গ্র্যান্ড ওপেনিংয়ের দিনই সোশাল মিডিয়ায় রসিকতা করে না যাওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন ‘ঘোতন’ উন্মেষ গঙ্গোপাধ্যায়। কিন্তু পরক্ষণেই মন্তব্যবাক্সে ‘বিস্ফোরণ’ দেখে সেটা মুছে ফেলেন। সংবাদ প্রতিদিন ডট ইন-কে তিনি জানালেন, ‘বিগ বস বাংলা’র প্রোমোশনের কাজের সঙ্গে তিনি যুক্ত। কিন্তু যেসব বন্ধুরা চলে গেলেন ‘বিগ বস’-এর ঘরে রয়েছেন তাঁদের কী বার্তা দেবেন? ‘ঘোতন’ বললেন, “‘বিগ বস’-এর ঘরে তো ঝগড়াই দেখা যায় সাধারণত, আশা করি, আমার বন্ধুরা বেশ মাথা ঠান্ডা রাখবে। গতকাল গ্র্যান্ড ওপেনিং দেখেছি। আমার ঝিলামদিকে সবথেকে বেশি ভালো লেগেছে। ঝিলামদি (গুপ্ত), লাফটারসেন নিরঞ্জন মণ্ডল- এই দু’জনকে আমার বরাবরই ভালো লাগে। ওদের দুজনের প্রতি আমার ফুল সাপোর্ট।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.