ঠিক যেন নয়ের দশকের ছায়া! গ্যাংস্টার দৌড়াত্ম্যে মায়ানগরীর সেলেব পাড়ায় আতঙ্কের আবহ। পুলিশের দ্বারস্থ হওয়ায় রোহিত শেট্টি, রণবীর সিংকে ফের হুমকি। দিন কয়েক আগেই পাঁচ রাউন্ড গুলি চালিয়ে রোহিত শেট্টির বাড়ির কাচের বারান্দা ঝাঁজরা করে বুক ফুলিয়ে দায় স্বীকার করে নিয়েছিল কুখ্যাত বিষ্ণোই গ্যাং। তার দিন কয়েকের মধ্যেই রণবীর সিংয়ের ফোনে হুমকিবার্তা ঢোকে। যে সূত্র ধরে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ লরেন্স বিষ্ণোইয়ের নিষিদ্ধ গোষ্ঠীর যোগসাজশ খুঁজে পায়। শুক্রবার বিটাউনের ব্যস্তদিনে ফের নতুন করে পরিচালক এবং অভিনেতার উদ্দেশে উড়ে এল হুমকিবার্তা। যে হাড়হিম অডিও ক্লিপে উল্লেখ, “এমন হাল করব, সাত জন্ম মনে রাখবি…।”
“তোর ম্যানেজারের সব ঠিকুজি-কুষ্ঠী আমাদের কাছে আছে। ওরা কখন, কোথায় যায়? কখন বাড়ি ফেরে আর কখন পরিবারের সঙ্গে সময় কাটায়? আমরা সব খোঁজ রাখি। একে একে তোর সমস্ত কর্মীদের খুন করব।…”
বলিউড মাধ্যম সূত্রে খবর, শুক্রবার সাতসকালে পরিচালক-অভিনেতা দু’জনের কাছেই এক ‘অডিও ক্লিপ’ আসে। যেখানে জনৈক ব্যক্তি ‘হ্যারি বক্সার’ বলে নিজের পরিচয় দিয়ে রণবীর সিং এবং রোহিত শেট্টিকে হুমকি ছোড়েন। সেই হুমকিবার্তায় উল্লেখ, “সময়মতো লাইনে আয়, নইলে এমন হাল করব যে তোর পরবর্তী সাত প্রজন্মও মনে রাখবে। রণবীর সিং, তুই তো লোককে উপদেশ দিতে খুব ভালোবাসিস। আর বলে-কয়ে থানায় পাঠাস অভিযোগ দায়ের করার জন্য। ঠিক আছে। তুইও অভিযোগ করেছিস থানায়। সমস্য়া নেই। দেখে নেব। এবার কান খুলে শুনে রাখ, তোর সঙ্গে যারা কাজ করে, এমনকী তোর ম্যানেজারের সব ঠিকুজি-কুষ্ঠী আমাদের কাছে আছে। ওরা কখন, কোথায় যায়? কখন বাড়ি ফেরে আর কখন পরিবারের সঙ্গে সময় কাটায়? আমরা সব খোঁজ রাখি। তাই এবার আমরা তোকে সরাসরি কিছু বলব না। তোর সঙ্গে যারা কাজ করে, সেসব কর্মচারীদের টার্গেট করব। এবার কিছু একটা ঘটলে, তোর টনক নড়বে! একে একে তোর সমস্ত কর্মীদের খুন করব। এখনও সময় আছে, লাইনে আয়।….” সংশ্লিষ্ট হুমকিবার্তায় রোহিত শেট্টির নামোল্লেখ করেও এই একই হুঁশিয়ারি দাগা হয়। এবার প্রশ্ন কে এই হ্যারি বক্সার?

পুলিশি সূত্র মারফৎ আগেই জানা গিয়েছিল যে, ১০ তারিখ রণবীর সিংয়ের ম্যানেজারের ফোনে আসা হাড়হিম করা ওই ‘অডিও নোটে’র নেপথ্যে কুখ্যাত গ্যাংস্টার ‘হ্যারি বক্সার’। যার আসল নাম হরি চাঁদ। বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে এই ব্যক্তির দীর্ঘদিনের আঁতাঁত। জানা যায়, এই প্রথম নয়! হ্যারি বক্সার বিদেশে বসে ভিপিএন ব্যবহার করে এর আগেও বহুবার এমন আতঙ্কের আবহ তৈরি করেছে। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশ ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় ছিল, তবে এবার নতুন হুমকিবার্তা আসায় স্পষ্ট যে, পুলিশের অনুমানই সঠিক। সলমন খান, কপিল শর্মার পর এবার বিষ্ণোইদের টার্গেটে রোহিত শেট্টি এবং রণবীর সিং। খবর প্রকাশ্যে আসতেই ফের টিনসেল টাউনে নয়ের দশকের দাউদ অধ্যায়ের মতোই আতঙ্কের পরিবেশ।
সর্বশেষ খবর
-
‘সব কর্মফল! তৃণমূল জিতলে স্বরূপ বিশ্বাসকে আটকানো মুশকিল হত’, বিস্ফোরক দেব
-
স্বরূপের গ্রেপ্তারির পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল কিং সাইজ বেড, রাশি রাশি সরকারি জলের বোতল
-
রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, চলবে রক্ষণাবেক্ষণ, কোন পথে যান চলাচল?
-
দাঁড়িয়ে পুজো করছেন? বাস্তুর ভুলে রুষ্ট হতে পারেন ইষ্টদেবতা, জানুন শাস্ত্রের নিয়ম
-
মিথ্যা মামলায় ফাঁসানো, কাটমানির দাবি! বাগনানে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের