Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Don 3

‘ডন ৩’ নিয়ে রণবীর-ফারহানের তরজা তুঙ্গে! মধ্যস্থতা করতে রুদ্ধদ্বার বৈঠক আমির খানের, সমস্যা মিটল?

'ডন ৩' ছবি নিয়ে বলিউডে জলঘোলা! আমির খানের বাড়িতে সিনেপাড়ার তাবড় সব প্রযোজক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৬:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৬:০১

options
link
‘ডন ৩’ নিয়ে রণবীর-ফারহানের তরজা তুঙ্গে! মধ্যস্থতা করতে রুদ্ধদ্বার বৈঠক আমির খানের, সমস্যা মিটল? zoom
রণবীর-ফারহানের তরজা থামাতে মধ্যস্থতা আমির খানের

‘ধুরন্ধর’ সাফল্যের পর ফারহান আখতারের মেগাবাজেট ‘ডন ৩’ (Don 3) ছবি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং। যদিও ‘অতিরিক্ত বায়নাক্কা’র জেরে অভিনেতাকে ছাঁটাই করা হয়েছে, নাকি চিত্রনাট্য নাপসন্দ হওয়ায় তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন, সেই তত্ত্ব নিয়ে বিটাউনে এখনও জলঘোলা বহাল। এমতাবস্থায় মাঝপথে সিনেমার কাজ থেমে যাওয়ায় ‘ধুরন্ধর’ রণবীর সিংয়ের থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিলেন ফারহান আখতার। যদিও ‘প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’র বৈঠকে ‘সেই টাকা দেওয়া আমার দায় নয়’ বলে সরে গিয়েছেন রণবীর সিং। তবে এবার খবর, ফারহান-রণবীরের তরজা নাকি এমন পর্যায়ে পৌঁছেছে যে মধ্যস্থতা করতে মাঠে নেমেছেন হিন্দি সিনেইন্ডাস্ট্রির অন্যতম ‘অভিভাবক’ আমির খান।

বলিউড মাধ্যম সূত্রে খবর, সম্প্রতি ‘মিস্টার পারফেকশনিস্টে’র বান্দ্রার বাংলোয় এক সান্ধ্যকালীন বৈঠক হয়। রুদ্ধদ্বার সেই মিটিংয়ের উপলক্ষ্যই ছিল রণবীর সিং এবং ফারহান আখতারের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, আলোচনার মাধ্যমে তার সমাধান করা। জানা যায়, সেই আমিরের বাড়ির বৈঠকে উপস্থিত ছিলেন করণ জোহর, সাজিদ নাদিয়াদওয়ালা, একতা কাপুর, এক্সেল এন্টারটেইনমেন্টের দুই প্রযোজক ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি, জোয়া আখতার এবং জি এন্টারটেইনমেন্টের এমডি এবং সিইও পুনিত গোয়েঙ্কা। যদিও এহেন অতিথি তালিকা দেখে বলিপাড়ার অনেকেরই ভ্রু-যুগল আন্দোলিত হয়েছে। প্রথমটায় অনেকেই মনে করেছিলেন, বলিউড সম্ভবত সংশ্লিষ্ট ইস্যুতে রণবীরের বিরুদ্ধে একজোট হচ্ছে! তবে সূত্রের খবর, এই মিটিংয়ে রণবীর-ফারহানের ঝামেলা কীভাবে মেটানো যায়, সেই বিষয়েই জোর দেওয়া হয়েছে। এবার কি সমস্যা মিটল?

Advertisement
Don 3 Exit Could Cost Ranveer Singh 40 Crore
রণবীরের থেকে ক্ষতিপূরণ দাবি ফারহানের! ছবি – সোশাল মিডিয়া

ঘনিষ্ঠ সূত্র বলছে, “রণবীর সিং এবং এক্সেল এন্টারটেইনমেন্টের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করছেন আমির খান। দু’জনের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। আমিরের বাড়িতে সেটাই আলোচনা হল।” যদিও এই সমস্যা এখনই মিটবে কিনা? সেই ধোঁয়াশা বজায় রয়েছে। তবে বৈঠকের পর যে সকলেই মোটামুটি আশাবাদী, সেটা জানা গেল।

ফারহানের প্রযোজনা সংস্থার দাবি, বছরখানেক আগে অভিনেতা সবুজ সংকেত দেওয়ার পরই ‘ডন ৩’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছিলেন তাঁরা। এমনকী ‘ধুরন্ধর’-এর কাজ শেষ হওয়ার পরই ফারহানের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার শুটিং শুরু করার কথা ছিল অভিনেতার। কিন্তু পঁচিশ সালে বছরশেষে আচমকাই শোনা যায়, ‘ডন ৩’ ছেড়ে রণবীর সিং এবার জয় মেহেতার ‘প্রলয়’-এর শুটিং শুরু করবেন। যার জন্য নতুন দিনক্ষণও ছকে ফেলেছেন অভিনেতা। রণবীর নাকি একাধিকবার চিত্রনাট্য পরিবর্তন করিয়েছেন। এবং পরবর্তীতে চূড়ান্ত খসড়া দেখেও তাঁর পছন্দ হয়নি। এরপর ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ান তিনি। সেই প্রেক্ষিতেই রণবীর সিংয়ের কাছ থেকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বসেছেন ফারহান-রীতেশ। এদিকে ‘প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’র বৈঠকে রণবীর সিং এপ্রসঙ্গে যুক্তি দিয়েছেন, “সঞ্জয় লীলা বনশালির ‘বৈজু বাওরা’ ছবির জন্য এক বছর ধরে প্রস্তুতি নিয়েছিলাম। অন্য কোনও ছবিতে সই করিনি। অনেক প্রস্তাব ফিরিয়েছি। কিন্তু পরবর্তীকালে সেই ছবির কাজ বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে দীর্ঘ সময় সেই ছবিতে ব্যয় করার পরও বনশালির থেকে কোনও ক্ষতিপূরণ আমি দাবি করিনি। তাই এক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়া আমার দায় নয়।” এবার আমিরের মধ্যস্থতায় সমস্যার সমাধান কি হবে? নজর থাকবে সেদিকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.