Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Dilip Ghosh

পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের

পঞ্চায়েতের কাজে গতি বাড়ানোরও নির্দেশ দেন তিনি।

শংকর কুমার রায়
শংকর কুমার রায়

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ২২:৪৬

link
শংকর কুমার রায়
শংকর কুমার রায়

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ২২:৪৬

options
link
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের zoom
কর্ণজোড়া অডিটোরিয়ামে দিলীপ ঘোষ।
Advertisement

পঞ্চায়েতের দুর্নীতির তদন্ত করা হবে। কেউ পার পাবে না। সেইসঙ্গে অনেক বেশি অভিযোগ থাকা পঞ্চায়েতগুলোর স্পেশাল অডিট শুরু করা হচ্ছে। শনিবার উত্তর দিনাজপুর জেলার পঞ্চায়েতগুলোর বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি বাড়ানোর লক্ষ্যে পর্যালোচনার বৈঠকে যোগ দিতে এসে দুর্নীতি ইস্যুতে এমনটাই কড়া বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। একইসঙ্গে পঞ্চায়েতের কাজে গতি বাড়ানোরও নির্দেশ দেন তিনি।

আজ, শনিবার সকালে কর্ণজোড়া অডিটোরিয়ামে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কর্মীদের উপস্থিতিতে জেলাপ্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের যাবতীয় কাজের অগ্রগতি নিয়ে বৈঠক করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। বৈঠকের শেষে রায়গঞ্জের বিধায়ক মন্ত্রী কৌশিক চৌধুরীকে পাশে বসিয়ে সাংবাদিকদের তিনি বলেন, পিছিয়ে আছে ভিবি-জি রাম জি (বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন(গ্রামীণ) প্রকল্পের ১২৫ দিনের কাজ। নজরদারির অভাবে পঞ্চদশ অর্থ কমিশনের পর্যাপ্ত টাকা থাকলেও, সেটা নির্ধারিত সময়ে খরচ করছে না, কেন্দ্রীয় টাকা পড়ে রয়েছে গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের সরকারি কাজ, অত্যন্ত ধীর গতিতে চলছে।

Advertisement

দিলীপবাবু আরও বলেন, আমাদের প্রশাসনিক আধিকারিক যাঁরা আছেন, তাঁরা দ্রুত গতিতে কাজ করছেন না বলে পঞ্চায়েতের অনেক কাজ পিছিয়ে যাচ্ছে। তারফলে ভিবি-জি রাম জি প্রকল্পের ১২৫ দিনের কাজ পিছিয়ে আছে। ভিবি-জি-রাম জি প্রকল্পে ৩১৮টি প্রকল্প থাকলেও, মাত্র ১০ থেকে ১২ টি প্রকল্পের কাজ সবে শুরু হয়েছে। অনেক পঞ্চায়েত এখনও ১২৫ দিনের নতুন প্রকল্পে স্কুল বাড়ি থেকে স্কুলের সীমানা পাঁচিল নির্মাণ রয়েছে, তা জানেন না। গরিব মানুষজনদের শৌচাগার যা তৈরি হওয়ার কথা ছিল, তা তৈরি হয়নি। যেগুলো থেকে বেশি দুর্নীতির অভিযোগ এসেছে, সেই পঞ্চায়েতগুলোতে ওই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রিভিউ করা হচ্ছে, অসংগতি হলেও তদন্ত হচ্ছে। কেউ ছাড় পাবে না। পাশাপাশি আমাদের মূল উদ্দেশ্য শুধু চোরের পিছনে না দৌড়ে, সরকার সাধারণ মানুষের উন্নয়নে জোর দিচ্ছে। তারজন্য জেলায় জেলায় পর্যালোচনা বৈঠক করে গ্রামন্নয়নের ব্যাপারে সংশ্লিষ্ট জেলার আধিকারিকদের বলছি। তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, সাড়ে ১২ হাজার এমন লোক আছেন, যাঁরা টাকা পেয়েছেন। তাঁদের আমরা নোটিস দিয়েছি। টাকা ফেরত শুরু হয়েছে।বৈঠকে জেলাশাসক অভিজিৎ শেভালে প্রমুখ উপস্থিত ছিলেন। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.