নিরুফা খাতুন: রাত পোহালেই পুণ্যস্নান। তবে তার আগেই বঙ্গে হাড়কাঁপানো ঠান্ডা উধাও। হাওয়া অফিস বলছে, শীতের আমেজ থাকলেও, পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করা যাবে না। বরং মাঘের শুরুতে ফের ফর্মে ফিরতে পারে শীত। কমতে পারে রাজ্যের তাপমাত্রা।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭-৮৯ শতাংশ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি নতুন করে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। তাই শীত কিছুটা বাধা পেয়েছে। মকর সংক্রান্তিতে তাই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে কুয়াশার দাপট থাকবে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া প্রায় একইরকম বজায় থাকবে। তবে বুধবার থেকে কমতে পারে তাপমাত্রা। ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
এদিকে, উত্তরবঙ্গেও আগামী বুধবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে তার আগে মঙ্গলবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা। ওইদিন উত্তরবঙ্গের বাকি জেলাগুলি কুয়াশার চাদরে মুখ ঢাকতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কুয়াশার দাপটের সম্ভাবনা। দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি পর্যন্ত নামতে পারে। বাংলার পাশাপাশি দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এবং রাজস্থানে তাপমাত্রা যেমন কমবে, তেমনি বাড়বে কুয়াশার দাপটও।
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের