সৈকত মাইতি, পাঁশকুড়া: আর জি কর হাসপাতালের ছায়া পাঁশকুড়ার হাসপাতালে! হাসপাতালের মধ্যেই ২ মহিলা সহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠল আরেক পুরুষ কর্মীর বিরুদ্ধে। ঘটনা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। অভিযোগ, আগেও অভিযুক্ত এক নির্যাতিতাকে ভয় দেখিয়ে ধর্ষণ করেছে।
ঘটনাটি পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালের। বেসরকারি সংস্থার মাধ্যমে কাজে নিযুক্ত ওই ২ তরুণী হাসপাতালের ওয়ার্ডগার্ল হিসেবে কর্মরত বলে জানা গিয়েছে। অভিযুক্ত শেখ জাইর আব্বাস খান ওই হাসপাতালেরই ফেসিলিটি ম্যানেজারের পদে কর্মরত। তিনিও ওই একই বেসরকারি সংস্থার মাধ্যমে কাজ পেয়েছিলেন বলে খবর। অভিযোগ, গত ১৪ তারিখ কোনও এক ছুতোয় ওই মহিলা কর্মীকে ডেকেছিল ওই যুবক। কাজ থেকে বরখাস্ত করে দেওয়ার হুমকি দিয়ে হাসপাতালের মধ্যেই ওই যুবক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। কাউকে কিছু না জানাতে ভয় দেখানো হয়! আরও এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও থানায় একজন তরুণীই লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ, এর আগেও ওই তরুণীকে ধর্ষণ করেছিল অভিযুক্ত। মুখবন্ধ করে রাখার জন্য ওই তরুণীকে ভয় দেখানো হত বলে অভিযোগ। মাঝেমধ্যেই ওই তরুণীর সঙ্গে খারাপ ব্যবহার করা হত! ওই তরুণীর অভিযোগ, গত ১৪ তারিখ দুপুরে তাঁকে শেখ জাইর আব্বাস খান ডেকেছিল। হাসপাতালের স্টোররুমের মধ্যেই তাঁকে ধর্ষণ করা হয়! মুখবন্ধ রাখতে ফের হুমকি দেওয়া হয়েছিল! প্রথমে মুখবন্ধ রেখেছিলেন তরুণী। আজ, সোমবার সকালে ওই ঘটনা জানাজানি হয়। এরপরেই হাসপাতালের মধ্যে ক্ষোভ ছড়ায়।
অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে হাসপাতালের কর্মীদের একাংশ পাঁশকুড়া থানার সামনে বিক্ষোভ দেখান। অভিযোগ, এর আগেও অভিযুক্ত হাসপাতালের মধ্যে মহিলাদের সঙ্গে একাধিকবার অশালীন আচরণ করেছেন। নিজেকে হাসপাতালে প্রভাবশালী বলেও পরিচয় দিত ওই যুবক। এদিন দুপুরেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি শেখ সমীরুদ্দীন বলেন, “এটা একটা বিকৃত মানসিকতার প্রভাব। অভিযুক্ত ওই যুবক আমাদের দলের কেউ নন। এ ধরনের জঘন্য ঘটনার তীব্র ধিক্কার, নিন্দা জানাই। অভিযুক্তের কঠোর শাস্তি হোক।”
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের