জঙ্গলের ‘বিষাক্ত প্রহরী’ হিসেবেই পরিচিত লজ্জাবতী বানর। বিরল এই প্রাণীর দেখা মেলা ভার। এবার সেই বিরল লজ্জাবতী বানরের দেখা মিলবে ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে। বন দপ্তর সূত্রে খবর, বেশ কয়েকটি লজ্জাবতী বানর উদ্ধার করে পার্কে নিয়ে আসা হয়েছে। আপাতত সুরক্ষিত এনক্লোজারে রেখে তাদের পরিচর্যা করছেন পশু চিকিৎসক ও বনকর্মীরা।
এই প্রাণীদের অধিকাংশ সময়ই কাটে গাছের ডালে। অত্যন্ত ধীর ও সতর্ক গতিতে গাছের ডালে চলাফেরা করে লজ্জাবতী বানর। ধূসর, বাদামি ও হলুদাভ লোমে ঢাকা শরীর। লেজও প্রায় নেই বললেই চলে। তবে শান্ত স্বভাবের এই প্রাণীর আত্মরক্ষার কৌশলই তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে। লজ্জাবতী বানরের কামড় বিষাক্ত। বিশেষজ্ঞদের মতে, কনুইয়ের কাছে থাকা বিশেষ গ্রন্থি থেকে এক ধরনের বিষাক্ত তরল নিঃসৃত হয়। বিপদ বুঝলে সেই তরল চেটে লালার সঙ্গে মিশিয়ে দাঁতের মাধ্যমে প্রতিপক্ষের শরীরে ঢুকিয়ে দিতে পারে তারা। সেই কারণেই জঙ্গলে এই বিরল প্রাণীকে ‘বিষাক্ত প্রহরী’ বলা হয়।
উত্তর-পূর্ব ভারত, ভুটান, মায়ানমার-সহ পূর্ব এশিয়ার বিভিন্ন জঙ্গলে লজ্জাবতী বানরের দেখা মেলে। বনভূমি ধ্বংস, চোরাশিকার ও পাচারের কারণে ক্রমশ কমছে এই প্রাণীর সংখ্যা। তাই উদ্ধার হওয়া লজ্জাবতী বানরগুলিকে সুরক্ষিত পরিবেশে রেখে তাদের পরিচর্যার পাশাপাশি সংরক্ষণের উদ্যোগও নেওয়া হচ্ছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এবার ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে এই বিরল প্রাণীকে কাছ থেকে দেখার সুযোগ পাবেন পর্যটকরা। কবে থেকে ওই লজ্জাবতী বানর দেখা যাবে? সংখ্যায় তারা কতগুলি? সেই বিষয়ে এখনই কোনও বার্তা দেওয়া হচ্ছে না বন দপ্তরের থেকে।
সর্বশেষ খবর
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের
-
ক্যামাক স্ট্রিট কাণ্ডে আরও বিপাকে অভিষেক! কালীঘাটের বাড়িতে পুলিশ, ধরানো হল হাজিরা সমন
-
খুন করে দিতে পারে ইরান! আতঙ্কে ঘরের বাইরে বেরনো বন্ধ করলেন ট্রাম্প পুত্র ব্যারন
-
একশো বছর পুরনো পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ, আইনের দ্বারস্থ চন্দ্রচূড়
-
ধ্বংসস্তূপের নিচে বন্দি ২ দিন! নেপালে সেনার তৎপরতায় উদ্ধার দুধের শিশু, ভাইরাল ভিডিও
