Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Liquor shop

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?

গত বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তিন দিনে প্রায় সাড়ে ৪ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। তারাপীঠের মতো গুরুত্বপূর্ণ শক্তিপীঠের ধর্মীয় পরিবেশ বজায় রাখতে ও উৎসবের দিনগুলিতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার মদ বিক্রি বন্ধ রাখার দাবি বিভিন্ন মহল থেকে উঠে আসছিল।

বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ২১:৫৪

link
বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ২১:৫৪

options
link
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব? zoom
ফাইল ছবি।
Advertisement

কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠ মন্দিরে নিরাপত্তা এবং ধর্মীয় পরিবেশ বজায় রাখতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা হয়েছে। এর মধ্যে অন্যতম হল, কৌশিকী অমাবস্যার আগের দিন, অমাবস্যার দিন এবং পরের দিন— তারাপীঠ এলাকার সমস্ত লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। রবিবার তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদ (টিআরডিএ)-এর বিশেষ বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। বৈঠক থেকে টিআরডিএ-র চেয়ারম্যান তথা অতিরিক্ত জেলাশাসকের কাছে তিন দিন মদ বিক্রি বন্ধ রাখার প্রস্তাব জানানো হয়। বৈঠকে উপস্থিত থাকা প্রায় সকলেই এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন।

কৌশিকী অমাবস্যায় প্রতি বছরই তারাপীঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়। ভিড়ের পাশাপাশি উৎসবকে ঘিরে তারাপীঠে মদ বিক্রিও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আবগারি দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তিন দিনে প্রায় সাড়ে ৪ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। এই পরিস্থিতিতে তারাপীঠের মতো গুরুত্বপূর্ণ শক্তিপীঠের ধর্মীয় পরিবেশ বজায় রাখতে ও উৎসবের দিনগুলিতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মদ বিক্রি বন্ধ রাখার দাবি বিভিন্ন মহল থেকে উঠে আসছিল।

Advertisement

সেই দাবিকে সামনে রেখেই রবিবার টিআরডিএ কার্যালয়ে কৌশিকী অমাবস্যার প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারাপীঠ মন্দিরের নবগঠিত মন্দির কমিটির সদস্যরা, রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা, স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং টিআরডিএর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে তিন দিন তারাপীঠ এলাকার সমস্ত লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ রাখার প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে বিষয়টি প্রশাসনের কাছে প্রস্তাব আকারে জানানো হয়।

বৈঠকে উপস্থিত সদস্যদের বক্তব্য, কৌশিকী অমাবস্যার সময় তারাপীঠে কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। ফলে এই সময় ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং মন্দির চত্বরের ধর্মীয় পরিবেশ অক্ষুণ্ণ রাখা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। উৎসবের তিন দিন মদ বিক্রি বন্ধ থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং পুণ্যার্থীদের নিরাপদে যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে বলেই মনে করছেন বৈঠকের সদস্যরা।

এদিনের বৈঠক থেকে মূলত কৌশিকী অমাবস্যার আগের দিন থেকে পরের দিন পর্যন্ত টানা তিন দিন তারাপীঠে মদ বিক্রি বন্ধ রাখার বিষয়টিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এখন প্রশাসনের অনুমোদনের দিকেই তাকিয়ে রয়েছে টিআরডিএ এবং মন্দির কমিটি। প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্তের পরই এই প্রস্তাব কার্যকর করার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তারাপীঠের ধর্মীয় পরিবেশ অক্ষুণ্ণ রেখে বিপুল সংখ্যক পুণ্যার্থীর নিরাপদে যাতায়াত এবং নির্বিঘ্নে পুজো দেওয়ার ব্যবস্থা করাই এবারের কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যেই মদ বিক্রি বন্ধ রাখার এই প্রস্তাবকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় জানান, “এদিন বৈঠকে সর্বসম্মতভাবে টিআরডিএ-র চেয়ারম্যানের কাছে কৌশিকী অমাবস্যার তিন দিন মদের দোকান বন্ধ রাখার প্রস্তাব রাখা হয়েছে। অমাবস্যার আগের দিন, আমাবস্যার দিন ও আমাবস্যার পরের দিন তারাপীঠে মদের দোকানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৌশিকী আমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ থাকলে শান্তিশৃঙ্খলা অনেকটাই বজায় থাকবে বলে অনুমান। তবে মায়ের পুজো দেওয়ার ক্ষেত্রে এই ধরনের কোনও বিধিনিষেধ দেওয়া হয়নি। তারাপীঠে শুধুমাত্র মদের দোকানগুলি বন্ধ থাকবে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.