পুকুর থেকে রাতের অন্ধকারে মাছ চুরি করার অভিযোগ খোদ বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে! আর এই অভিযোগে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটকে রেখে চলল গণধোলাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার রাণাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মাঝেরগ্রাম এলাকায়। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল হওয়া ভিডিও’র সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল।’ তবে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপি নেতার এহেন কীর্তিতে রীতিমতো অস্বস্তিতে জেলা বিজেপি নেতৃত্ব। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল তৃণমূল।
জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম তারক সরকার। তিনি ২৮৯ নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি। অভিযোগ, আজ রবিবার সকালে মাঝেরগ্রাম এলাকার একটি পুকুরে মাছ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন তারক সরকার। এরপরই উত্তেজিত জনতা তাঁকে আটকে রেখে বেধড়ক মারধর শুরু করে। যা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। কোনওরকমে উত্তেজিত জনতার হাত থেকে ওই বিজেপি নেতাকে উদ্ধার করে পুলিশ। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
আরও পড়ুন:
রাণাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. সৌগত কুমার বর্মন তীব্র কটাক্ষ করে বলেন, “বিজেপির কাছে এটা নতুন কিছু নয়। তারা যেমন এনআরসি-র নামে মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, তেমনি তাদের কর্মীরা সাধারণ মানুষের জীবিকায়ও হস্তক্ষেপ করছে। এটি চুরির রাজনীতিরই বহিঃপ্রকাশ।” তিনি আরও জানান, প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে
অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে রাণাঘাট দক্ষিণের প্রার্থী অসীম কুমার বিশ্বাস এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “এটা তৃণমূলের সাজানো চক্রান্ত। ইচ্ছাকৃতভাবে বিজেপির ভাবমূর্তি নষ্ট করতে এই ঘটনা ঘটানো হয়েছে। আমরা আইনগত পদক্ষেপ নেব।” সব মিলিয়ে একটি স্থানীয় ঘটনাকে কেন্দ্র করে রাণাঘাট দক্ষিণে শাসক-বিরোধী রাজনৈতিক সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।
সর্বশেষ খবর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানেরকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
-
‘রেল মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে ‘গ্রিন সিগন্যাল’ শুভেন্দুর
-
উচ্ছিষ্ট ফুল থেকেই তৈরি হবে ধূপবাতি! রাজ্যের উদ্যোগে আশার আলো তারাপীঠ-সহ বীরভূমের বিভিন্ন মন্দিরে
-
কৃষ্ণনগরে হস্টেলের শৌচালয়ে খুদে ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের