টিটাগড় ও বারাকপুর পুরসভায় আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিশেষ অডিট টিম গঠনের দাবি জানালেন বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। একইসঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের জট কাটাতে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান তিনি। প্রায় ১৬ বছর আগে ঘোষিত প্রকল্প এখনও বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে কৌস্তভের দাবি, “প্রয়োজনীয় উদ্যোগ আগে নেওয়া হলে অনেক আগেই বারাকপুরবাসী মেট্রো পরিষেবা পেতেন।”
এই বিষয়ে আরও খবর
বিধায়কের দাবি, “বরানগর থেকে বারাকপুর পর্যন্ত মেট্রো সম্পূর্ণ এলিভেটেড করিডর হিসেবেই নির্মিত হবে। তবে রুটের নীচ দিয়ে কলকাতা থেকে পলতা জলশোধনাগারে যাওয়া গুরুত্বপূর্ণ জলবাহী পাইপলাইন থাকায় প্রকল্পে জটিলতা তৈরি হয়েছে। একটি প্রধান পাইপলাইনের সুরক্ষা নিয়ে কলকাতা পুরসভার আপত্তির জেরে আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞ মতামত চাওয়া হয়েছে। বিকল্প পাইপলাইন বসানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।” কৌস্তভের দাবি, রাজ্য ও কেন্দ্র— দুই সরকারের সদিচ্ছা রয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রীর আসন্ন সফরের পর প্রকল্পে আরও গতি আসবে বলেও আশাবাদী তিনি।
প্রসঙ্গত, সাম্প্রতিক বারাকপুর ও টিটাগড়ে কাউন্সিলর পদত্যাগের আবহে পুর প্রশাসন নিয়েও বার্তা দেন বিধায়ক। তাঁর বক্তব্য, “কোথাও পরিষেবা ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হলে প্রশাসনিক আধিকারিকদের মাধ্যমেই পুরসভার কাজ চালানো হবে।” একইসঙ্গে এই দুই পুরসভার আর্থিক অনিয়ম নিয়েও সরব হয়েছেন কৌস্তভ। তাঁর অভিযোগ, “বেআইনি নির্মাণকে নিয়মবহির্ভূতভাবে বৈধতা দেওয়া, এক খাতের বরাদ্দ অন্য খাতে খরচ করা এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মী নিয়োগের মতো ঘটনা দীর্ঘদিন ধরে চলছে।” এই অভিযোগগুলির তদন্তে স্পেশাল অডিট টিম গঠনের জন্য জেলাশাসকের কাছে লিখিত আবেদনও করেছেন তিনি। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা ভাবছেন পদত্যাগ করে পার পেয়ে যাবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। চুরি করে থাকলে জেলে যেতেই হবে।” তাঁর দাবি, সংশ্লিষ্ট সময়ে দায়িত্বে থাকা প্রত্যেককেই তদন্তের মুখে জবাবদিহি করতে হবে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
অতিরিক্ত প্রোটিন খেয়ে বিপাকে? পাতে রাখুন এই খাবার, ডায়েট বদলেই মুশকিল আসান
-
দীর্ঘ ‘অসুস্থতা’, এবার ইস্তফা কাটোয়া পুরসভার চেয়ারম্যানের
-
ফেরার সুশান্ত ঘোষ! গাড়ি নিয়ে ওড়িশা সীমানায় কাউন্সিলরের পরিবার, আটকাল পুলিশ
-
ইয়ামালের গতি, পেদ্রির ম্যাজিকের সঙ্গে রক্ষণ-কাঁটাও! নতুন ‘তিকিতাকা’য় বিশ্বসেরা হবে স্পেন?
-
কোভিড থেকে আমফান, মহাসংকট মোকাবিলার খতিয়ান দিয়ে কোথায় আক্ষেপ রয়ে গেল প্রাক্তন মহানাগরিকের?



