জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: তুচ্ছ ঘটনায় মর্মান্তিক পরিণতি! বাতকর্মকে কেন্দ্র করে বিবাদ। পিসতুতো দাদার মারে প্রাণ গেল মামাতো ভাইয়ের। ঘটনাটি ঘটেছে বনগাঁর গোপালনগরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
মৃত নাবালকের নাম প্রদীপ ব্যাদ। বয়স ১৫ বছর। সে গোপালনগর থানার কামদেবপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাতে ১১ নম্বর রেলগেট এলাকায় পাড়ার ছেলেদের সঙ্গে আড্ডা দিচ্ছিল সে। সেখানে উপস্থিত ছিলেন পিসতুতো দাদা সূর্য ব্যাদ। তাঁর বয়স ১৮। তখনই প্রদীপের বাতকর্ম নিয়ে হাসাহাসি শুরু করেন সূর্য। তা সহ্য না করতে পেরে বিবাদ লাগে দাদা-ভাইয়ের। তা থেকে হাতাহাতি। অভিযোগ, সেই সময় সূর্য চড়াও হয় প্রদীপের উপর। অভিযোগ মামাতো ভাই প্রদীপের বুকে জোরে জোরে ঘুষি মারতে থাকেন সূর্য ব্যাদ। বুকের ব্যথা নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে প্রদীপ। ছুটে আসে অন্য বন্ধুরা। তড়িঘড়ি প্রদীপকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্ত সূর্যের বাড়িতে চড়াও হন স্থানীয়রা। ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সূর্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃত নাবালকের পরিবার। তদন্তে নেমে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ। আজ, বুধবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে পুলিশ।
সর্বশেষ খবর
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট
-
হাওড়ায় তৃণমূল নেতার দলীয় অফিসে উদ্ধার বহু জাল ওষুধ! ড্রাগ কন্ট্রোল হানার পর ফাঁস চক্র
-
কাশীধামের আদলে সাজবে তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ দিবসে আসতে পারেন মোদি
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য
-
মধ্যবিত্তের হেঁশেলে আগুন! ফের একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম