সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: উপার্জনের আশায় গিয়েছিলেন অন্যজেলায়। কষ্টার্জিত টাকা নিয়ে ফেরার সময় বিপত্তি। নদী ঘাটের কাছে জলের তোড়ে ভেসে গেলেন প্রৌঢ়। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও হদিশ মেলেনি তাঁর। কিন্তু ভেসে উঠল তাঁর সঙ্গে থাকা গামছায় মোড়া টাকা। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ঝাড়গ্রামের বলরামপুরে।
জানা গিয়েছে, ঝাড়গ্রামের বিনপুর ১ নম্বর ব্লকের লালগড় থানার নেপুরা অঞ্চলের বলরামপুর গ্রামের বাসিন্দা ক্ষুদিরাম পাতর। তাঁর বয়স ৫৫ বছর। কাজের জন্য ঘাটালে গিয়েছিলেন তিনি। শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের মাজুরার দিক থেকে কংসাবতী নদী সাঁতরে লালগড় থানার বলরামপুর গ্রামের দিকে আসছিলেন তিনি। তাঁর পরনে ছিল গামছা আর মাথায় পাগড়ির মতো করে বাঁধা ছিল গামছা। গ্রামের কাছাকাছি নদী ঘাটে দেখা গিয়েছিল তাঁর। এরপর জলের তীব্র স্রোত ভাসিয়ে নিয়ে যায় তাঁকে। রবিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের টানা তল্লাশিতেও হদিশ মেলেনি তাঁর।
ক্ষুদিরাম না ফিরতে পারলেও পরিবারের জন্য তাঁর উপার্জন করা টাকা পৌঁছে গেল পরিবারের হাতে। রবিবার লালগড় থানার নেপুরা অঞ্চলের বলরামপুরের কংসাবতী নদী ঘাট থেকে দেড় কিমির মধ্যে ভেসে ওঠে ক্ষুদিরামের গামছা। আর সেই গামছার মধ্যে প্লাস্টিকে মোড়া অবস্থায় উদ্ধার হল চার হাজার একশো চুরাশি টাকা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সেই টাকা ওই প্রৌঢ়ের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এবিষয়ে স্থানীয় বাসিন্দা তথা অঞ্চল তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুপ বিশ্বাস বলেন, “ভরা নদী সাঁতরে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন ক্ষুদিরাম। কিন্তু কংসাবতী নদী এখন জলে পূর্ণ। স্রোতের টানে ভেসে গিয়েছেন ক্ষুদিরাম পাতর। স্থানীয় মানুষ, পুলিশ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের লোকজন চেষ্টা চালাচ্ছেন উদ্ধার করার।”
সর্বশেষ খবর
-
কেরিয়ারে ৯০০ উইকেট, জাতীয় দলে ব্রাত্য হয়েও আগুনে বোলিংয়ে নয়া নজির শামির
-
ইমরানকে নিয়ে মুখ খোলা যাবে না, পাক ক্রিকেটারদের উপর নয়া ‘ফতোয়া’ মহসিন নকভিদের
-
স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা বহুমাত্রিক, ‘দেশদ্রোহী’ তকমা মুছে বিজেপিকে বার্তা সিপিএমের
-
সাগরের নোনা জলে সাহেব-সুস্মিতার রোম্যান্স! প্রেমচর্চা উসকে ছুটির মুডে ‘কথা’ জুটি
-
প্রীতিকে পেয়েও সুধাকে ভোলেননি ‘মুসাফির ক্যাফে’র চন্দর, বাস্তবে বিক্রান্তের দাম্পত্য সুখের চাবিকাঠি কী?