এ যেন সিনেমার স্ক্রিপ্ট! দিনে স্কুলে নিয়ম করে ছাত্র পড়ানো। এদিকে রাতে তিনিই মাদক পাচারকারী! পুলিশ ও এসএসবির অভিযানে গ্রেপ্তার নামী স্কুলের শিক্ষক! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটায়। ধৃত ওই শিক্ষকের নাম রঞ্জিতকুমার শিকদার। বাড়ি থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ মাদক ও লক্ষ লক্ষ টাকা। একজন শিক্ষক কীভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকতে পারেন? সেই চর্চাই শুরু হয়েছে স্থানীয় স্তরে। বিষয়টি জানাজানি হতে এলাকাতেও জোর গুঞ্জন ছড়িয়েছে।
রাজ্যে পালাবদলের পরে মাদক পাচার রুখতে কড়া অভিযান চালাচ্ছে পুলিশ-প্রশাসন। উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাতেও মাদক পাচারের অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে। সেই মাদক কারবারিদের পাকড়াও করতে অভিযানে নেমেছে জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মালবাজার মহকুমার নাগরাকাটা নন্দু মোড় এলাকায় হানা দেয় পুলিশ ও সীমা সুরক্ষা বল ( এসএসবি)র আধিকারিকরা। মধ্যরাতে একটি বাড়িতে হানা দেন তাঁরা। দীর্ঘ সময় ওই বাড়িতে তল্লাশি চালানোর পর গ্রেপ্তার করা হয় ওই শিক্ষককে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগরাকাটা এলাকার একটি স্কুলে শিক্ষকতা করেন রঞ্জিতকুমার শিকদার। এলাকায় যথেষ্ঠ পরিচিত ওই শিক্ষক। স্কুলেও পড়ানোর জন্য যথেষ্ঠ সুনাম করেছে তাঁর। এদিকে সেই চাকরি আড়ালেই তিনি মাদক কারবারের সঙ্গেও যুক্ত! লোকচক্ষুর আড়ালে রাতে চলত মাদক পাচার? অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম শ্রীনিবাসন। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। এছাড়াও মিলেছে নগদ ৮.৪৯ লক্ষ টাকা। ওই বাড়ি থেকে গ্রেপ্তার শিক্ষকের এক সহযোগী বিরাজ মাহাতো নামে এক যুবক।
জানা গিয়েছে, ওই শিক্ষক আগে অন্য জেলায় কর্মরত ছিলেন। বিরাজ মাহাতোর বাড়ি কোচবিহার জেলার পুণ্ডিবাড়ি এলাকায়। ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা। চক্রে আর কারা জড়িয়ে রয়েছে? চক্রের জাল কত দূর ছড়িয়ে? সেসব বিষয় দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া