Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Alipurduar

নদীতে হড়পা বান! আলিপুরদুয়ারে ভাসল অস্থায়ী সেতু, রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল

নদীর জল বইছে রাজ্য সড়কের উপর দিয়ে। এর জেরে ব্যাহত যান চলাচল। সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।

রাজ কুমার
রাজ কুমার

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৪:২৭

link
রাজ কুমার
রাজ কুমার

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৪:২৭

options
link
নদীতে হড়পা বান! আলিপুরদুয়ারে ভাসল অস্থায়ী সেতু, রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল zoom
১৮ জুলাই, শনিবার। আলিপুরদুয়ারে রাজ্য সড়কের উপর দিয়ে বইছে নদীর জল। নিজস্ব ছবি।
Advertisement

টানা বৃষ্টির জেরে ভুটান থেকে নেমে আসা একাধিক নদীর জলস্তর বাড়ল। বেশ কয়েকটি নদীতে হড়পা বানের কারণে ভেঙেছে অস্থায়ী সেতু, পথ ঘাট। বাংরি নদীতে হড়পা বানের কারণে ভেসেছে অস্থায়ী সেতু। এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন ভুটান পাহাড়ের কোলে থাকা টোটো পাড়া এলাকা। নদীর জল বইছে রাজ্য সড়কের উপর দিয়ে। এর জেরে ব্যাহত যান চলাচল। সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।

ভুটান পাহাড় ও আলিপুরদুয়ার (Alipurduar) জেলার মাদারিহাট এলাকায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছে। এর জেরে নদীগুলির জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। মাদারিহাট থেকে টোটোপাড়া যাওয়ার পথে রাজ্য সড়কের উপর দিয়ে বয়ে চলেছে বাংরি নদীর জল। ফলে ওই রাস্তায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অস্থায়ী সেতু ভেসে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা।

Advertisement

অন্যদিকে, মাদারিহাটের জলদাপাড়া সংলগ্ন হলং নদীতেও জলস্তর বিপজ্জনকভাবে বেড়েছে। প্রবল স্রোতের তোড়ে নদীর উপর নির্মিত অস্থায়ী পায়ে চলার সেতুটি ভেসে গিয়েছে। এর ফলে নদীর দু’পারের মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। নদীর জলস্তর যতক্ষণ না কমছে ততক্ষণ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে নদী বা প্লাবিত রাস্তা পার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এলাকায় উদ্ধারকারী দল ও প্রশাসনিক কর্মীরা মোতায়েন রয়েছে।

একই অবস্থা ভুটান থেকে আসা জয়বীরপাড়া নদীরও। এই নদীতেও হড়পা বান নেমে এসেছে। নদীর দুই পারে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। ভুটানে লাগাতার বৃষ্টির জেরে ভুটান থেকে নেমে আসা প্রায় সব নদীর জল বেড়ে গিয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.