দেবব্রত মণ্ডল, বারুইপুর: ইংরাজি পরীক্ষা খারাপ হওয়ায় মুষড়ে পড়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার বাড়ি আসার পর থেকে কারও সঙ্গে তেমন কথাও বলেনি সে। পরে বিষ খেয়ে ‘আত্মঘাতী’ হয় ওই ছাত্রী। মৃতের নাম রুমা নস্কর (১৪)। এমনই দাবি পরিবারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর পঞ্চায়েতের সজিনাতলা এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুমা নস্কর বাসন্তী সেন্ট টেরিজা গার্লস হাইস্কুলের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। তার পরীক্ষার সিট পড়েছিল সোনাখালি উচ্চমাধ্যমিক হাইস্কুলে। সোমবার বাংলা পরীক্ষা তার ভালো হয়েছিল। গতকাল মঙ্গলবার ছিল ইংরাজি পরীক্ষা। সেই পরীক্ষা ভালো হয়নি বলে পরে জানা যায়। বাড়িতে এসে মানসিক অবসাদে ভুগছিল রুমা। বাড়ি ফিরে পরিবারের লোকদের সঙ্গে তেমন কোনও কথাও বলেনি বলে খবর। এই নিয়ে পরিবারের সদস্যরাও তাকে কিছু বলেননি।
রাতের দিকে হঠাৎ করেই রুমার শারীরিক অবস্থার অবনতি হয়। তখনই জানা যায় রুমা বিষ খেয়েছে। বাড়িতেই ইদুর মারার বিষ ছিল। সকলের অলক্ষ্যে বিকেলে সেই বিষ খেয়েছিল ওই ছাত্রী। রাতে সেই কথা জানার পরেই দ্রুত তাকে নিয়ে বাসন্তী ব্লক হাসপাতালে যান পরিবারের সদস্যরা। প্রাথমিক চিকিৎসা সেখানেই হয়। যদিও ওই মাধ্যমিক পরীক্ষার্থী শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। সেখানে যাওয়ার পথেই মারা যায় ওই পরীক্ষার্থী। ঘটনায় পরিবারের লোকেরা ভেঙে পড়েছেন। ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। এই দুঃসংবাদে স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও হতবাক। পড়াশোনায় ওই ছাত্রী ভালো ছিল বলেই খবর। বাসন্তী থানার পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।
সর্বশেষ খবর
-
১৭ আগস্ট থেকেই ঢুকবে অন্নপূর্ণার টাকা, ‘ঝাড়াই বাছাই’ পর্ব নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
-
দার্জিলিং থেকে ঢিল ছোড়া দূরত্ব, স্বাধীনতার সপ্তাহান্ত কাটান ‘অফবিট উত্তরবঙ্গে’
-
রাস্তায় নামলেই বাজেয়াপ্ত হবে টুলুর ২৪২টি গাড়ি! বিপদ বাড়ছে দুবাইয়ে লুকিয়ে থাকা ‘পাথরসম্রাটে’র
-
মহিলার অভাব, বিয়ের জন্য হাহাকার! নিঃসঙ্গ পুরুষদের কীভাবে ফাঁসাচ্ছে ‘ভুয়ো’ কনেরা?
-
মেসির দেশের জামাই রোনাল্ডো, জর্জিনার ৩৭ ক্যারেটের হিরের আংটির পর চর্চায় সোনার ওয়েডিং রিং