সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসিনা জমানার সৌজন্য ফেরাচ্ছে ইউনুসের সরকার। শারদ আবহে প্রতিবেশী দেশে উপহার হিসেবে ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ (Bangladesh Hilsa)। সোমবারই ইলিশ রপ্তানির অনুমতি দিল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। জানা গিয়েছে, ১২০০ টন ইলিশ রপ্তানি করা হবে ভারতে। শর্তসাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গত বছরের তুলনায় এবার অর্ধেক ইলিশ পাঠানো হবে বলে খবর। তবু পুজোর (Durga Puja 2025) দিনগুলোয় পাতে সুস্বাদু পদ্মার ইলিশের অভাব হবে না, এই ভেবে মুখে হাসি বঙ্গবাসীর।
সোমবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে এবছর ১২০০ টন ইলিশ ভারতে রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রপ্তানির জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। ১১ সেপ্টেম্বর অফিস চলাকালীন হার্ড কপিতে আবেদন করতে পারবেন আগ্রহী রপ্তানিকারকরা। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের নথি, ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্স-সহ আবেদন জানাতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়েছে, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে ১২ মার্কিন ডলার (ভারতীয় মূল্যে ১০০০ টাকার বেশি) নির্ধারণ করেছে সরকার। সোমবারের পর থেকে সবাইকে নতুন করে আবেদন দাখিল করতে হবে।
গতবছর অর্থাৎ ২০২৪ সালের দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে ৩০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্ত থেকে সরে এসে শেষ পর্যন্ত ২৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। এবার এর অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হল। গতবার সবমিলিয়ে অনুমতি দেওয়া হয়েছিল ৪৯টি প্রতিষ্ঠানকে। অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা, অনুমতি কোনওভাবেই হস্তান্তর না করা এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া ঠিকায় (সাব-কন্ট্রাক্ট) রপ্তানি না করার শর্তও থাকছে। বলা হয়েছে, সরকার যে কোনও সময় রপ্তানি বন্ধের নির্দেশ করতে পারবে।
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!