অর্ণব আইচ: খাস কলকাতায় বিস্ফোরণ। পাটুলি মেলার মাঠে বল ভেবে খেলতে গিয়ে বিকট শব্দে বিস্ফোরণ। জখম এক কিশোর। তাকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলেই খবর। পাটুলি থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
শুক্রবার ঘড়ির কাঁটায় তখন বেলা সাড়ে বারোটা হবে। দুই কিশোর পাটুলির মেলার মাঠে ক্রিকেট খেলছিল। খেলার সময় বল দূরে চলে যায়। বল কুড়োতে যায় এক কিশোর। আরেকজন দৌড়ে গিয়ে দেখে ঝোপের ভিতর সাদা কাগজে মোড়া একটি গোলাকার বস্তু পড়ে রয়েছে। সেটি বল ভেবে কুড়িয়ে নেয় কিশোর। খেলতে গিয়েই বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে চারদিক। দৌড়ে আসেন আশপাশের বাসিন্দারা। তাঁরা দেখেন এক কিশোরের মুখ-সহ শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত বেরচ্ছে। মাঠে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে সে। আরেকজন আতঙ্কে জড়োসড়ো হয়ে গিয়েছে।
তড়িঘড়ি ওই জখম কিশোরকে উদ্ধার করা হয়। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসা চলছে কিশোরের। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এদিকে, এই ঘটনাটি যেখানে হয়েছে সেই মেলার মাঠ, পাটুলি থানা থেকে একেবারে ঢিলছোঁড়া দূরত্বে অবস্থিত। খবর পাওয়ামাত্রই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে যান ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত। কীভাবে বিস্ফোরণ হল, সে সংক্রান্ত তথ্যের খোঁজে ঘটনাস্থল খতিয়ে দেখা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিষিদ্ধ কোনও বাজি হয়তো মেলার মাঠে পড়েছিল, তা থেকে বিস্ফোরণ হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। বলে রাখা ভালো, মালদহ, মুর্শিদাবাদে এহেন বিস্ফোরণের খবর প্রায়শয়ই শোনা যায়। তবে খাস কলকাতায় এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই জোর শোরগোল।
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?